পুজোতে কী মিলবে বৃষ্টি থেকে মুক্তি? নাকি মাথায় জল নিয়ে হবে প্যান্ডেল হপিং? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। এখন চারিদিকে শুধু পুজোর গন্ধ। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কোথাও কোথাও আবার ইতিমধ্যেই হয়ে গিয়েছে উদ্বোধন। এত আনন্দের মধ্যেও আশঙ্কা কাটছে না আমজনতার মন থেকে। পুজোয় আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে না তো? এখন সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

কী জানাল আবহাওয়া দফতর?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক-দু’দিনের মধ্যেই বর্ষা পাকাপাকিভাবে বিদায় নেবে। কলকাতায় আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সামান্য।

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমেই শুষ্ক হতে শুরু করবে শীঘ্রই। আর এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। উপকূলীয় এলাকাগুলিতে আকাশে সামান্য মেঘ দেখা গেলেও বৃষ্টি সেভাবে হবে না। তবে উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 হাওয়া অফিস সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই অক্ষরেখাটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আজ, শুক্রবার থেকেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবেই চলতি বছরের মতো বিদায় নিতে চলেছে বর্ষা।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর