‘সবসময় কালারফুল থাকবে, চিয়ারফুল থাকবে’, পুজোতে মদনকে পরামর্শ মমতার, মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল ‘ও লাভলি’ও

মদন মিত্র যে রাজ্যের বেশ রঙিন চরিত্রের বিধায়ক, তা নিয়ে কারোর দ্বিমত নেই। সবসময়ই বেশ ফিটফাট থাকতে পছন্দ করেন তিনি। তাঁর এমন রঙিন স্বভাবের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে ‘কালারফুল’ বিধায়ক আখ্যা দিয়েছেন। এবার পুজোর ভার্চুয়াল উদ্বোধনেও মদনকে সামনে পেয়ে খানিক রসিকতা করার সুযোগ ছাড়লেন না মমতা।

গতকাল, বৃহস্পতিবার রাজ্যের ৮০০-র বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার একটি পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন মদন মিত্র। এদিন তাঁর পরণে ছিল হলুদ পাঞ্জাবী, ওপরে লাল-সবুজের কারুকার্য। তাঁকে বসে থাকতে দেখেই একগাল হাসেন মমতা। বলেন, “আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে। জামাটা খুব সুন্দর তো। আবার বলো লাভলি। আরে তোমার তো লাভলি ব্র্যান্ড হয়ে গেছে। ভালো করে কামারহাটির পুজো দেখবে। দমদম-কামারহাটির পুজো”।

এদিন মজার ছলে মদনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন, “আরে মদন মিত্র কিছু বলতে চাইছে, বলতে দাও। ও তো লাভলি বলবেই। পুজোর কদিন কিন্তু কালারফুল জামা কাপড় পরবে। আর ভালো করে সব জায়গায় যাবে। সবসময় কালারফুল আর চিয়ারফুল থেকো”। মদন নানান কথার মাঝেই ‘ও লাভলি’ কথাটি বলে থাকেন। এবার মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল ‘ও লাভলি’।

অন্যদিকে আবার ‘দিদি’র এমন বার্তা পেয়ে বেশ খুশি মদন মিত্রও। তিনি বলেন, “ইস্ট অর ওয়েস্ট। মমতা ব্যানার্জি ইজ দ্য বেস্ট। তিনি পুজোয় ভাল জামাকাপড় পরে এলাকার মানুষের সঙ্গে থাকতে বলেছেন। তাঁর নির্দেশ আমি পালন করবই”।

গতকাল, বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টা ধরে ভারচুয়ালি পুজোর উদ্বোধন করেছেন মমতা। মহালয়ার আগে থেকেই শহরে পুজো দেখতে শুরু করেছেন ইউনেস্কোর প্রতিনিধিরা। তাদের সকলকে সাদর অভ্যর্থনা জানানো নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পীদের সঙ্গেও এদিন আলাপচারিতা সেরেছেন মমতা।

RELATED Articles