রেশন দুর্নীতি নিয়েও এবার বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৫৪ ঘণ্টা ধরে তল্লাশি চলছিল মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের কৈখালীর অভিজাত আবাসনে। আজ, শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে ইডি। নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশনে দুর্নীতির আঁচ পান ইডি আধিকারিকরা। রেশন বণ্টনেও চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অনুমান করেন তারা। সম্প্রতি নদিয়ার একাধিক চালকলে হানা দেন ইডি আধিকারিকরা। সেখান থেকেই বাকিবুরের আটাকল, চালকলের খোঁজ মেলে।
এরপরই বাকিবুরের কৈখালীর অভিজাত আবাসনে হানা দেয় ইডি। ৫৪ ঘণ্টা ধরে চলেছিল তল্লাশি। অবশেষে আজ, শুক্রবার সকালে বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তাঁর বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে খবর। সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
জানা গিয়েছে, বাকিবুরের নানারকম ব্যবসা রয়েছে। ইডি সূত্রে খবর, রাজ্যের নেতা-মন্ত্রী, প্রভাবশালীদের সঙ্গে তাঁর ওঠাবসা। এই বাকিবুর রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডেও জড়িত বলে অনুমান ইডির। এই বাকিবুরের হাত ধরেই রেশন দুর্নীতিতে অনেক কালো টাকা সাদা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তাঁর চালকল, আটামিল, বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে।





