সামনেই লোকসভা নির্বাচন। এমন আবহে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই। আর প্রচারে গিয়ে একে অপরকে কটাক্ষ বাণে বিঁধতে ছাড়ছেন না কেউই। আজ, রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে মহুয়াকে পাশে নিয়ে বিজেপিকে তুলোধোনা করেন তিনি।
নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকে বিশ্রামে ছিলেন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চোট পাওয়ার পর আজ, রবিবার প্রথম সভা করেন তৃণমূল নেত্রী। এদিন কৃষ্ণনগরে সভা করেন তিনি। সেখানেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে পাশে দাঁড় করিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, মহুয়াকে ইচ্ছাকৃতভাবে সংসদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)?
এদিনের এই নির্বাচনী সভা থেকে মহুয়ার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মহুয়ার উপর দেখেছেন কী অত্যাচার হয়েছে? ওঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ ওজোরে জোরে কথা বলত। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত”।
মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা (Mamata Banerjee)। জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, “মহুয়াকে জেতাবেন। আপনারা জেতানোর পরেও ওকে তাড়িয়ে দিয়েছে। এত বড় সাহস। ওকে জেতালে ও যোগ্য জবাব দিতে পারবে। তাই ওঁকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে বিজেপির মুখোশ খুলে দেয়”।
কিছুদিন আগেই মহুয়া মৈত্রের বাড়ি তল্লাশি করেছিল সিবিআই। সেই ঘটনায় বেশ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে এদিন তিনি বলেন, “ওঁর বাবা মা বেচারা কিছু জানে না। ওঁর বাড়িতেও তল্লাশি করে এল। ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো”। এরপরই জনতার উদ্দেশে মমতার প্রশ্ন, “কী ওকে আপনারা জেতাবেন তো? রানাঘাটেও জেতাবেন। বাংলার ৪২ টা সিটে তৃণমূলকে জেতাবেন”।
বলে রাখি, টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটি গঠন করা হয় মহুয়ার বিরুদ্ধে। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখে মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কার করেন লোকসভার স্পিকার। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এই ঘটনার পর মহুয়াকেই ফের কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের টিকিট দিয়েছে তৃণমূল।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!