সত্যিই কী কোনও রঙ কোনও রাজনৈতিক দলের স্বত্ব হতে পারে? বারবার তৃণমূলের তরফে বিজেপিকে নিশানা করে বলা হয়েছে যে বিজেপি নাকি দেশকে গৈরিকীকরণ করার চেষ্টা করছে। এবার ফের একবার এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রঙ গেরুয়া করা নিয়ে এবার মমতা বললেন, “সব গেরুয়া করে দেওয়া হচ্ছে কেন? ভারতীয় ক্রিকেট দল যে জার্সি পরে অনুশীলন করছে, তার রংও গেরুয়া”।
কী বলেছেন মমতা?
আজ, শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ গেরুয়া করে দেওয়া নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, “এখন তো সব গেরুয়া হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, ওরা বিশ্ব চ্য়াম্পিয়ন হবে। কিন্তু অনুশীলন ম্যাচে তাঁরা যে জার্সি পরছে, তার রং গেরুয়া। কেন? ওই রং চাপিয়ে দেওয়া হয়েছে। এসব মেনে নেওয়া যায় না। স্টেডিয়ামের নাম বদলে ফেলা হয়েছে। দেশের মণীষীদের নামে নাম দিন। কোনও আপত্তি নেই। কিন্তু ক্রমশ গৈরিকীকরণের পথে হাঁটা হচ্ছে”।
বলে রাখি, এর আগেও ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে তিনি বিজেপিকে তোপ দেগে প্রশ্ন তুলেছিলেন যে কেন আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম বদল করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হল। মমতা বলেছিলেন, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই”।
এবার তিনি প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সি নিয়ে। এদিন ১০০ দিনের বকেয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “বিজ্ঞাপনে যত টাকা খরচ হচ্ছে, সেই টাকায় ১০০ দিনের কাজের শ্রমিকদের পাওনা পূরণ হয়ে যেত”।
প্রসঙ্গত, হঠাৎই বিশ্বকাপের আগে আচমকা ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রঙ গেরুয়া হওয়ায় বিতর্ক শুরু হয়েছিল বটে। রঙ বদল নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। গেরুয়া রঙই কেন, তা নিয়েও বিস্তর প্রশ্ন ওঠে। কারোর মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হচ্ছেন অমিত শাহ-পুত্র জয় শাহ। তাঁর ইচ্ছেতেই ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রঙ গেরুয়া করা হয়েছে।





