‘জিএসটিকে সমর্থন করেই সবথেকে বড় ভুল করেছি’, সিঙ্গুরের সভা থেকে আক্ষেপের সুর মমতার গলায়

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ কম নয়। জিএসটি (GST) থেকে শুরু করে ১০০ সিনের কাজের টাকা বকেয়া, গ্যাসের দাম বৃদ্ধি এমন নানান প্রসঙ্গ ইদানিংকালে বারবার উঠে আসে মুখ্যমন্ত্রীর নানান সভায়। এবারও এর অন্যথা হল না। আজ, মঙ্গলবার সিঙ্গুরের (Singur) সভা থেকেও নানান ইস্যু নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা। তবে এবার জিএসটি নিয়ে আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল তাঁকে।

সিঙ্গুরে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অনুশোচনা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জিএসটিকে সমর্থন করে ভুল করেছি”। এদিন রাস্তাশ্রী প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “২২টা জেলার ৩০ হাজার গ্রামে রাস্তায় কাজ করা হবে। রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে। সেই টাকার এক পয়সাও দিল্লির টাকা নয়। রাজ্যের টাকা”।

এরপরই জিএসটি প্রসঙ্গ টানেন মমতা। বলেন, “জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সব থেকে বড় ভুল, ওটাকে সাপোর্ট করা। আমরা ভেবেছিলাম, এতে রাজ্যের লাভ হবে। এখন দেখছি, একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না। গ্রামীণ আবাস যোজনা, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে”।

এর আগেও জিএসটি নিয়ে মন্তব্য করেছেন মমতা। মুড়িতে জিএসটি বসানো নিয়ে বলেছিলেন, “মুড়িতেও জিএসটি” যা একসময় খবরের শিরোনামে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শুধুমাত্র মুড়িই নয়, চাল-ডাল নানান খাদ্যদ্রব্যের উপর প্যাকেটজাত খাবারে বসেছিল ৫ শতাংশ জিএসটি। সেই প্রতিবাদেই ওই মন্তব্য করেছিলেন মমতা।

উল্লেখ্য, ২০১৭ সালে জিএসটি বিল চালু হয় রাজ্যসভায়। লক্ষ্য ছিল, ‘এক দেশ এক কর’। সেই সময় এই সংবিধান সংশোধনী বিলে তৃণমূল সমর্থন করেছিল। তবে দেড় কোটি টাকার কম ব্যবসা যাদের সেই সমস্ত সংস্থার উপর কেন্দ্রের নজরদারি নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৎকালীন অরুণ জেটলির অর্থমন্ত্রকও সেই আপত্তিতে সায় দেয়। এরপরই বলা হয় যে দেড় কোটির কম ব্যবসা করে এমন সংস্থার উপর রাজ্যের নজরদারি থাকবে, কেন্দ্রের নয়। তবে পরবর্তীতে ধীরে ধীরে সব জিনিসের উপরই চাপে জিএসটি। আর এবার সেই জিএসটিকে সমর্থন করা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

RELATED Articles