‘সিবিআই-এনআইএ সব বিজেপির ভাই, গোটা দেশকেই জেল বানিয়ে দিয়েছে’, ভোট প্রচারে ফের মোদীকে একহাত মমতার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজনৈতিক স্বার্থেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি, এমন দাবী বারবার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দল। ভোট প্রচারেও সেই একই ইস্যুকে হাতিয়ার করতে চাইছেন তৃণমূল নেত্রী। এবার ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীকে এই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, একটি বাঁকুড়া ও অন্যটি বিষ্ণুপুর। বাঁকুড়া থেকে তৃণমূল প্রার্থী হলেন অরূপ চক্রবর্তী আর বিষ্ণুপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন সুজাতা মণ্ডল। এদিন এদের সমর্থনেই বাঁকুড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

এদিনের এই সভা থেকেই প্রধানমন্ত্রীর নাম নিয়েই তাঁকে কটাক্ষ শানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষে এই ভাষা শোভা পায় না। বলছে, ৪ জুনের পর সবাইকে গ্রেফতার করবে, জেলে ভরবে। এখনই তো গোটা দেশ জেল হয়ে গেছে। গণতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে”।

এরপরই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রীকে। মমতার (Mamata Banerjee) কথায়, প্রধানমন্ত্রী এক পকেটে এনআইএ, অন্য পকেটে সিবিআইকে রাখেন। আবার এক পকেটে রাখেন ইডি ও অন্য পকেটে রাখেন ইনকাম ট্যাক্সকে। তিনি এও বলেন যে ইডি-সিবিআই এরা সব বিজেপির ভাই। মমতার হুঁশিয়ারি, “আমরা আপনাকে ভয় পাই না। কিন্তু এইভাবে জেলে ভরার হুমকি দেবেন না”।

এদিন আবাস যোজনা নিয়ে মন্তব্য করতে গিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে ৫ হাজার বাড়ির জন্য। ইলেকশন কমিশনকে সাতদিন আগেই রাজ্য লিখেছে। এটা কেন্দ্রের টাকা নয়। আমরা দেব, তাও অনুমতি দিচ্ছে না। ইলেকশনের জন্য পারছি না। ভোট না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম। ভোটের জন্য অনুমতি নিতে হচ্ছে। বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না”।

প্রসঙ্গত, এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মন্তব্য, যদি ক্ষমতা থাকে তাহলে স্বচ্ছভাবে কেন নির্বাচন করছে না বিজেপি। এরপরই মমতার চ্যালেঞ্জ, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের দল আগের বারের থেকেও বেশি ভোটে জিতবে।

RELATED Articles