ভবানীপুরে ফলাফল ঘোষণার পরই তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার, আলোচনা চলছে গোসাবা কেন্দ্র নিয়ে

পুজো মিটলেই ফের রাজ্যে ভোট। বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০শে অক্টোবর রয়েছে ভোট। আজ, রবিবার ভবানীপুরের উপনির্বাচন ও সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। তিনটি কেন্দ্রেই তৃণমূলের জয়জয়কার।

ভবানীপুরে জিতে নিজের মুখ্যমন্ত্রীর আসন রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন। তবে গোসাবার প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে বলেই জানা গিয়েছে। মমতা জানান শান্তিপুর থেকে তৃণমূলের হয়ে লড়বেন ব্রজগোপাল গোস্বামী। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তাঁর উপরই ভরসা রেখেছে তৃণমূল। একুশের বিধানসভায় এই কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির জগন্নাথ সরকার। কিন্তু তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় এই কেন্দ্রে হবে উপনির্বাচন।

অন্যদিকে দিনহাটাতে ফের উদয়ন গুহর উপরেই ভরসা রেখেছে তৃণমূল। একুশের বিধানসভাতে তিনি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে একশোরও কম ভোটে হেরে যান। কিন্তু নিশীথ প্রামাণিক বিধায়ক ছেড়ে দেওয়ায় এই কেন্দ্রেও হবে উপনির্বাচন।

খড়দহ আসনে প্রত্যাশা মতোই প্রার্থী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। একুশের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটের ফল ঘোষণার আগেই তাঁর মৃত্যু হয়। এই কারণে এবার এই আসনেও হবে উপনির্বাচন।

বিধানসভা নির্বাচনে গোসাবা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়ন্ত নস্কর। জয়ীও হয়েছিলেন তিনি। কিন্তু কয়েকমাস আগেই মৃত্যু হয় তাঁর। সেই কারণেই ওই আসনেও হবে উপনির্বাচন। তবে ওই আসনের জন্য তৃণমূল এখনও প্রার্থীর নাম নিশ্চিত করেনি।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান দু’জনের নাম নিয়ে আলোচনা চলছে। তাঁদের মধ্যে একজন হলেন প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য নস্কর ও অন্যজন পঞ্চায়েত প্রধান সুব্রত মণ্ডল এই দু’জনের মধ্যেই একজনকেই উপনির্বাচনে গোসাবা থেকে প্রার্থী করা হবে বলে মনে করা হচ্ছে। এই চার আসনের উপনির্বাচনেপ তৃণমূলেরই জয় হবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles