কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি হওয়ার পর ভবানীপুরের উপনির্বাচন ছিল তাঁর প্রথম অগ্নিপরীক্ষা। তবে ভবানীপুরে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এদিন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ের পর তাঁকে অভিনন্দন জানালেন সুকান্ত মজুমদার।
তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর আসনে জয়ে হ্যাট্রিক করেছেন মমতা। ২০১১ সালের ভোটের ব্যবধানকেও টপকে গিয়েছেন তিনি। ভবানীপুরের কোনও ওয়ার্ডেই তিনি হারেন নি। বিপুল ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর সুকান্ত মজুমদার মমতার জয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন।
সুকান্ত বলেন, “জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি”। কিন্তু দলের লাইন মেনে আবার খোঁচাও দিলেন তিনি। তাঁর কথায়, “কতখানি জনতার রায় প্রতিভাত হয়েছে তানিয়ে প্রশ্ন থেকেই যায়। মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিতে এসেছেন। কিন্তু বৃহৎ অংশের মানুষ ভোট দিতে পারেননি বা আসেননি। সেই পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল বিজেপিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে এই ভবানীপুর কেন্দ্র থেকে। কিন্তু আমরা সত্যিই আপ্লুত”।
তবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে ভবানীপুরে বিজেপির এভাবে হারের পরও কেন এত আপ্লুত সুকান্ত মজুমদার? তিনি বলেনে, “আগামী দিনে আমাদের অনুপ্রাণিত করছে এই ভোট। সামনে উপনির্বাচন আছে চারটি আসনে। আমাদের বিশ্বাস আমরা ভালো ফলাফল করব”।





