নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর, হাতির আক্রমণে মৃত্যু হলে পরিবারকে চাকরি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ও বাঁকুড়া-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় মাঝেমধ্যেই তাণ্ডব দেখা যায় হাতির দলে। হাতির আক্রমণে মৃত্যু হয় অনেকের। এবার থেকে হাতির আক্রমণে কারোর মৃত্যু হলে তার পরিবাররে এক সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ঠিক করেছি, কেউ যদি হাতির আক্রমণে প্রাণ হারান, তবে তাদের পরিবারকে সাহায্য করবে রাজ্য সরকার। এই হাতির আক্রমণ বেশিরভাগ হয় মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তাই হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারের এক সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে”।

আগে হাতির হানায় মৃত্যু হলে নিহতের পরিবারকে আড়াই লাখ টাকা করে দেওয়া হত। কিন্তু তার পরে তাদের দিকে কেউ ফিরে তাকান না। তার জেরে সমস্যায় পড়েন মৃতের পরিবার। এই অবস্থা যাতে ভবিষ্যতে না হয়, তাই মৃতের পরিবারের কোনও এক সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এই সিদ্ধান্ত নিয়ে আবার রাজনৈতিক মহলে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকের মতে, যে জেলাগুলিতে মূলত হাতির আক্রমণে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ও ঝাড়গ্রামে লোকসভা ভোটের সময় প্রবল ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের ভোটব্যাঙ্ক রীতিমতো তলানিতে এসে ঠেকেছে। একই ঘটনা দেখা যায় উত্তরবঙ্গেও। তাই আগামী বছরের বিধানসভা ভোটের আগে নিজেদের জমি শক্ত করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

RELATED Articles

Leave a Comment