বছরের শুরুতে প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি (Sandeshkhali)। বর্ষশেষে সোমবার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্র মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। স্থানীয় তৃণমূলকর্মী ও সমর্থকদের উদ্দেশে দিলেন একগুচ্ছ ঘোষণা।
এদিন সন্দেশখালিতে সন্দেশ হাব তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানতে চান এলাকার ইতিহাস। বর্ধমানের ল্যাংচা হাবের অনুকরণে সন্দেশখালিতে সন্দেশের হাব করতে চাইছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন বছরে বদলে যাবে স্টার থিয়েটারের নাম। বিনোদিনীর নামে নামকরণ হতে চলেছে এই প্রেক্ষাগৃহের।
এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সন্দেশখালির বাসিন্দারা মিলেমিশে থাকুন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”
আরও পড়ুনঃ মদ কেনার টাকা না দেওয়ায় তাণ্ডব দক্ষিণ দমদমের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের! আক্রান্ত ২
সরাসরি কোনও ঘটনার প্রসঙ্গ উল্লেখ না করে মমতা ব্যানার্জি বলেন, “টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু মিথ্যা বেশি দিন চলে না।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।”





