‘সংসদে এটাই আমার শেষ দিন, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে’, লোকসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ দেব, তাহলে কী তৃণমূলের সঙ্গে সম্পর্কের ইতি?

গতকাল, বুধবারই সংসদে তাঁর বরাদ্দ আসনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছিলেন, “আর মাত্র কয়েক ঘণ্টা”। তাঁর সেই পোস্ট নিয়ে নানান জল্পনা হলেও আসল ঘটনাটা জানতে পারেন নি কেউ। আজ, বৃহস্পতিবার লোকসভায় নিজেই সেই জল্পনার উত্তর দিলেন তৃণমূল তারকা সাংসদ দেব। বললেন, “সংসদে আজই আমার শেষ দিন”। তাহলে কী সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন দেব?

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আসন্ন লোকসভা নির্বাচনে দেব ফের প্রার্থী হবেন কী না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। এরই মধ্যে আজ, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের আগে ছিল সংসদে শেষ অধিবেশন। সেই অধিবেশনেই দেব জানিয়ে দিলেন এদিনই তাঁর শেষ দিন সংসদে। অর্থাৎ তিনি যেন কোথাও ইঙ্গিত দিয়েই দিলেন যে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

তবে এদিন ঘাটাল নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। লোকসভায় দাঁড়িয়েই বলেন, “আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে। ১০ বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই”।

এদিন অধিবেশনের পরে নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কী বক্তব্য তা এক বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছিলাম। কয়েক দিন আগেও তা জানিয়েছি। এখন এ নিয়ে কিছু বলব না”। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট করে দেন যে তিনি ঘাটালে হয়ত দাঁড়াচ্ছেন না ভোটে।

এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও বলেন দেব। তাঁর কথায়, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বার সংসদে কথা বলেছিলাম। আজ সংসদে শেষ দিন আমার। ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টানাপড়েন চলছে। ঘাটালের মানুষ কষ্টে আছেন।প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপি-র সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা”।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের সংযোজন, “দলগত মতামত বা পার্টির মতকে সরিয়ে রেখে সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটালের বন্যাবিধ্বস্ত মানুষজন কষ্টে আছেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়”।

প্রসঙ্গত, গত শনিবারই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান, ঘাটাল কলেজের সভাপতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। এরপরই তাঁর রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য খুব করে চেয়েছিলেন যে দেবই ফের ঘাটালের প্রার্থী হন। তিনি তাঁকে দু’দফায় বোঝানোর চেষ্টাও করেছেন। বৈঠকের পর সকলের ধারণাও হয়েছিল যে দেব হয়ত ফের ঘাটাল থেকে লড়বেন। কিন্তু এবার দেব যে কথা বললেন লোকসভায় দাঁড়িয়ে, তাতে যে তাঁর ফের ঘাটালের প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তা বেশ স্পষ্ট।

আরও অন্যান্য খবর