পুজোর আগে বিধায়কদের এক বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের বেতন এক ধাক্কায় ৪০ হাজার টাকা বাড়ানো হল। এতদিন বিধায়করা মাসিক বেতন পেতেন ১০ হাজার টাকা। এবার তা বেড়ে দাঁড়াল ৫০ হাজার টাকায়।
এতদিন পর্যন্ত বিধায়করা বেতন হিসেবে হাতে পেতেন ১০ হাজার টাকা। বাকি সব ভাতা ও বৈঠকে যোগ দিলে তা গিয়ে দাঁড়ায় মাসিক ৮০-৮২ হাজার টাকায়। এবার সেই মোট বেতন লক্ষ টাকা ছাড়াবে।
পূর্ণমন্ত্রীদের ভাতা-সহ মোট বেতন
আগে বেতন ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা
বর্তমানে দাঁড়াল ১ লক্ষ ৫০ হাজার টাকা
রাষ্ট্রমন্ত্রীদের ভাতা-সহ মোট বেতন
আগে বেতন ছিল ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা
এখন বেতন হল ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা
বিধায়কদের ভাতা-সহ মোট বেতন
আগে বেতন ছিল ৮১ হাজার টাকা
এখন বেতন হল ১ লক্ষ ২১ হাজার টাকা
কী জানালেন মুখ্যমন্ত্রী এদিন?
আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। তিনি বলেন, “বিধায়করা সবচেয়ে কম টাকা বেতন পায়। তাঁরা মাসে ১০ হাজার টাকা বেতন পেতেন। এবার ৪০ হাজার টাকা বাড়ল”।
তিনি আরও জানান, “সাংসদ হিসেবে ১ লক্ষ টাকা পেনশন পেতাম। কিন্তু নিইনি। মুখ্যমন্ত্রী হিসেবেও বেতন নিই না। মা-মাটি-মানুষের সরকার। আমার চলে যায়”।
মমতার এই কথার পরই তাঁকে বেতন নেওয়ার জন্য অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একাধিকবার দাবী করেছেন যে রাজ্যে আর্থিক সংকট চলছে। এই কারণ দেখিয়ে বকেয়া ডিএ মেটাতে পারছে না রাজ্য। বকেয়া ডিএ আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আর এমন অবস্থায় বিধায়কদের বেতন ৪ গুণ বাড়ানোর ঘটনায় যে এই নিয়ে বেশ চর্চা শুরু হবে, তা বলাই বাহুল্য।





