শেষবার নভেম্বর মাসে দিল্লি গিয়েছিলেন তিনি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছিলেন। বৈঠকে রাজ্যের নানান ইস্যু নিয়ে আলোচনা করা ছাড়াও বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সম্প্রতি হওয়া সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অবশ্য উপস্থিত হন নি প্রধানমন্ত্রী। আর সে নিয়েও আলোচনা কম হয়নি। এবার এরই মধ্যে খবর মিলল যে আগামী ২৯শে এপ্রিল দিল্লি রওনা হচ্ছেন মমতা। আগামী ৩০শে এপ্রিল সমস্ত রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
এর আগেও একাধিকবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনা কালেও একাধিকবার ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেরেছেন বৈঠক। সমস্ত বৈঠকে অবশ্য মমতাকে দেখা না গেলেও, এবার তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন। আর এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার একক বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও একটি খবর জানা গিয়েছে যে হয়ত আগামী পয়লা মে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের বিষয়ে দু’পক্ষের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি ঠিকই। তবে এই বৈঠক যদি হয়, তাহলে তা রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
বিজেপি বারবার দাবী করে এসেছে যে তৃণমূলের জমানায় বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এমনকি, অমিত শাহও লোকসভায় দাঁড়িয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তিনি বাংলায় এলে খুন হয়ে যেতে পারেন। আর এরই মধ্যে যদি মমতা ও শাহ মুখোমুখি হয়, তাহলে তা বেশ গুরুত্বপূর্ণ হব বলেই মতব রাজনৈতিক বিশেষজ্ঞদের।





