‘আমি জানি ডিজেলের দাম বেশি, কিন্তু সবজির দাম বেশি নেবেন না’, বিক্রেতাদের আর্জি মমতার

শাক-সবজির চড়া দামের জেরে সাধারণ মানুষের মাথায় হাত। হেঁসেলে রীতিমতো আগুন জ্বলছে। এদিকে কেন্দ্র সরকার পেট্রোল-ডিজেলের উপর আবগারি শুল্ক কমালেও রাজ্য সরকার শুল্ক কম করেনি। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ জমেছে। এবার এই পরিস্থিতিতে সবজি বিক্রেতাদের শাক-সবজির দাম কম নেওয়ার জন্য আবেদন জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, “ডিজেলের দাম বেশি। আমি জানি। গ্যাসের দামও আকাশছোঁয়া। তবে আমি অনুরোধ করছি সবজির দাম বেশি নেবেন না। কেন্দ্র নোট বাতিল করেছে। পেট্রল-ডিজেলের দাম বাঁড়িয়েছে। এর ফলে কেন্দ্র ৮ লক্ষ কোটি টাকা আয় করেছে। তবে সাধারণ মানুষের পকেট কাটা পড়ছে”।

এদিন নিঝের বক্তব্যে রাজ্য সরকারের নানান উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে কসুর করেননি তিনি। মমতার কথায়, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে জ্ঞান করে না। বিরোধীরা নিজেদের ইচ্ছামতো বিধানসভায় যায়, আসে।

মমতার কথায়, “বিরোধী দলকে আমার কিছু বলার নেই। শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছটপুজো, শুভ অহঙ্কার”

এর পাশাপাশি এদিন কেন্দ্রকে তোপ দেগে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “অন্যরা বলে আচ্ছে দিন আয়েগা। কিন্তু খারাপ দিন আসে। আমরা যা বলি সেটা করি।’ মমতা বলেন, ‘আমাদের প্রতিটি বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি থাকত। সেখানে টাকা থাকত। কিন্তু সেই লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল নোটবন্দি করে। তা আবার ফিরিয়ে দেওয়া হল”।

এছাড়াও আরও নানান বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন মমতা। এর মধ্যে একটি বড় ইস্যু হল টিকাকরণ। মমতার মতে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র যে পরিমাণে করোনার টিকার ডোজ পেয়েছে, বাংলা সেই পরিমাণে পায়নি। কিন্তু তবুও বাংলা টিকাকরণের দিক দিয়ে এক নম্বরে রয়েছে বলে জানান মমতা।

RELATED Articles