‘২০১১ সালের আগে সব বেআইনি কাজ করেছে সিপিএম’, বেআইনি নির্মাণ নিয়ে ফের বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর

ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। মমতার দাবী, ২০১১ সালের যত বেআইনি কাজকর্ম হয়েছে তা সিপিএম করে গিয়েছে। বামেরা কোনও কাজের কাজই করে নি বরং অকাজই করেছে বলে দাবী মমতার।

আজ, মঙ্গলবার একবালপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দুয়েক আগে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছিল। তাদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ওই এলাকায় পরিদর্শন করেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই এলাকায় বিদ্য়ুৎ চুরির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। সেই প্রসঙ্গে বুধবার বিদ্য়ুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, কলকাতা পুরসভার বৈঠক রয়েছে।

এই এলাকায় অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ আনেন স্থানীয়রা। সেই প্রসঙ্গেই বামেদের শানিয়ে মমতা বলেন, “২০১১ সালের আগে যা যা বেআইনি কাজ সিপিএম করে এখন ছুপা রুস্তম সেজে বসে আছে”।

মমতার কথায়, “যদি খাতা বা ফাইল খোলা হয় তো দেখা যাবে কাজের চেয়ে অকাজের কাজ বেশি করে গেছে। এমন কাজ করেছে যে ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। বাধ্য হয়ে আমরা দমকলের স্কুটার তৈরি করলাম”।

এখানেই থেমে থাকেন নি তিনি। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “বাড়ি হোক আপত্তি নেই। তবে আইন মেনে হোক”।

RELATED Articles