এবার দিঘায় গড়ে উঠবে পুরীর আদলে জগন্নাথ মন্দির, ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা

অনেকদিন আগেই এমন পরিকল্পনা নিয়েছিলেন। এলাকা পরিদর্শন করতে গিয়ে বলেছিলেন যে দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরি করবেন। এবার তা বাস্তব রূপ পেল। এই প্রকল্পের জন্য ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় পুরসভা নির্বাচনী সভায় এই কথা জানান মমতা।

আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি আজই এ ব‌্যাপারে অর্থ বরাদ্দ করেছি। আমি চাই পুরীর মতোই জগন্নাথ মন্দির হোক দিঘায়”। প্রায় দু’বছর আগে দিঘা সফরে গিয়ে সমুদ্রের ধারের জগন্নাথ মন্দিরটি পরিদর্শন করেন মমতা। সেই সময়ই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওই মন্দিরটিকে পুরীর জগন্নাথ মন্দিরের মতো বড় আকারে তৈরি করা হবে। সেই কথাই এবার রাখলেন মুখ‌্যমন্ত্রী।

এর পাশাপাশি কালীঘাটে স্কাইওয়াক তৈরি করা নিয়েও আলোচনা করেন মমতা। তিনি বলেন, “কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে। ২৫০ কোটি টাকার কাজ। দেখবেন হাজরা পার্কে কতগুলো দোকান তৈরি হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক করব বলে ওখানে যারা দোকানদার ছিল, তাঁদের আপাতত হাজরা পার্কের ভিতরে দোকান দিয়েছি। যখন স্কাইওয়াকটা হয়ে যাবে ওরা সেখানে দোকান পেয়ে যাবে”।

বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না বলে বিধানসভা নির্বাচনের সময় প্রচার করেছিল বিজেপি। তবে বাঙালির সেই উৎসবকেই আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই প্রেক্ষিতে মমতার বক্তব্য, “আমায় গাল দিয়েছ, এবার ইউনেস্কোকে গাল দিতে পারবে?”

আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার নির্বাচনের পরপর প্রচারসভায় এই বিষয় নিয়ে কেন্দ্রকে তীব্র তোপ দাগেন মুখ‌্যমন্ত্রী। তিনি বলেন, “ইউনেস্কোকে ধন‌্যবাদ। আমার হৃদয় ভরে গিয়েছে। যারা বলত, মমতাজি পুজো করতে দেয় না, তাদের মুখে আজ চুনকালি। আমি গর্বিত, সুরভিত, কল্লোলিত, বিকশিত। বলেছিলাম, বাংলাকে বিশ্বসেরা করব। সারা পৃথিবীতে বন্দিত বাংলা”।

হিন্দুত্ব ইস্যু নিয়ে মমতাকে বারবার আক্রমণ করা হয়েছে বিজেপির তরফে। এর মধ্যে দুর্গাপুজো ছিল অন্যতম। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর দুর্গাপুজো নিয়ে নানান পদক্ষেপ নিয়েছেন মমতা। সে প্রত্যেক ক্লাবকে অনুদান দেওয়াই হোক বা রেড রোডে আলোকময় শোভাযাত্রা, সবেতেই দুর্গাপুজোর নানান ঐতিহ্য ফুটে উঠেছে।

RELATED Articles