‘আমাকে এত মেরেছে যে মাটিতে বসতে পারি না’, নিজের লড়াকু সময়ের স্মৃতি হাতড়ালেন মমতা

বাম জমানা থেকেই লড়াকু নেত্রীই বলেই পরিচিত তিনি। রাস্তায় নেমেই হোক বা মাঠে-ময়দানে, তাঁর লড়াই গোটা রাজ্যবাসী দেখেছে। বাম জমানার তিন দশকের রাজত্বের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানান জনসভাতেই মাঝেমধ্যেই নিজের এই লড়াকু জীবনের কথা তুলে ধরেন তিনি। এবারও ফের তেমনই করলেন।

গতকাল, বুধবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছুক্ষণ গুরুদ্বারে শিখ সম্প্রদায়ের সকলের সঙ্গে সময় কাটান তিনি। এদিন মমতা জানান, তাঁরও ইচ্ছে করে সকলের সঙ্গে একসঙ্গে বসে লঙ্গর খাওয়ার।

সেই সময়ই নিজের শারীরিক অবস্থার কথা  জানিয়ে মমতা বলেন, “আমাকে এত মেরেছে, আমি মাটিতে বসতে পারি না”। তিনি এও বলেন, এদিনের অনুষ্ঠান থেকে তিনি হালুয়া খেয়ে যাবেন।   

সেই সময়ই সকলের সঙ্গে ‘লঙ্গর’ করার ইচ্ছাপ্রকাশ করে মমতা বললেন, “আমি একদিন আপনাদের সঙ্গে বসে লঙ্গড় করব। কিন্তু আমি নীচে বসতে পারব না। আপনাদের অনুমতি থাকলে, চেয়ারে বসে লঙ্গড় করব। কখনও না কখনও তো সুযোগ আসবে”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা তৃণমূলের নানান কর্মী-সমর্থকদের মুখে মুখে ঘোরে। মমতা নিজেও একাধিকবার বলেছেন, তাঁর শরীরের নানান জায়গায় চোটের কথা। এর আগে মমতা একবার বলেছিলেন, “জিন্দা লা’শ হয়ে বেঁচে আছি আমি। সারা শরীরে মারের চোট নিয়ে”।

সম্প্রতি, পায়ের সমস্যা নিয়ে বেশ ভুগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় হেলিকপ্টার বিভ্রাটে পায়ে চোট পেয়েছিলেন তিনি। ফের স্পেনে সফরের সময়ও চোট পান। একমাস নবান্নে যেতে পারেন নি মুখ্যমন্ত্রী। এই শারীরিক অবস্থার জন্য দুর্গাপুজোর উদ্বোধনও ভারচুয়ালি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles