আজ, শনিবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। এদিন রেড রোডে ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এই মঞ্চ থেকে ফের একবার বিজেপিকে (BJP) হুঙ্কার শানান তিনি। ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে যে তিনি লড়বেন, তাও স্পষ্ট করে দেন। এদিন মমতা এও বলেন যে মুসলিমদের ভোট ভাগ করার চেষ্টা চলছে, কিন্তু তিনি তা হতে দেবেন না।
২০০৮ সাল থেকেই বাংলার সংখ্যালঘু ভোট বামেদের থেকে তৃণমূলের দিকে যেতে শুরু করে। এরপর থেকের ভোটে দেখা গিয়েছে যে সংখ্যালঘু ভোট গিয়েছে তৃণমূলের দিকে। তবে সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে শাসকদলের হারের পর রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়। তৃণমূলের দিক থেকে মুসলিম ভোট কী সরে যাচ্ছে, তা নিয়ে প্রশ্নও ওঠে। ওয়াকিবহাল মহলের মতে, সেই প্রেক্ষিতেই এদিন রেড রোড থেকে এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতি করার অভিযোগ তুলে মমতা বলেন, “দেশের সংবিধান, ইতিহাস বদলাতে চাইছে বিজেপি। বিভেদের রাজনীতি করছে। ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে। গণতন্ত্র চলে গেলে কিছুই থাকবে না। রাজ্যে NRC করতে দেব না। প্রাণ দিয়ে দেব। তবু দেশভাগ হতে দেব না।“।
ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বলেন, “আমাদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হয়। এজেন্সির বিরুদ্ধেও লড়তে হচ্ছে। কারও কাছে মাথানত করব না”।
এদিন মমতা এও বলেন, “কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে ভাবছে মুসলমান ভোট ভেঙে দেবে। কিন্তু আমরা তা হতে দেব না”। অর্থাৎ এদিন যেন মমতা এটাই বোঝাতে চাইলেন যে যদি কেউ বিজেপির বিরুদ্ধে লড়তে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, সেটা একমাত্র তিনি ও তাঁর দলই।
সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে এদিন মমতা বলেন, “কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। আমরা আছি। আমরা একসাথে থাকব। বাংলা গড়ব। দেশ গড়ব। আমরা দাঙ্গা চাই না। আপনারা শন্তি বজায় রাখুন”।





