‘কারও চাকরি খাবও না, চাকরি বন্ধও করব না, আমি চাই রাজ্যে ঢেলে চাকরি হোক’, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে মন্তব্য মমতার

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে এখন উত্তেজনা রয়েছে। টেট উত্তীর্ণরা (TET aspirant) এখনও আমরণ অনশনের দাবীতেই অনড়। নতুন নিয়োগ প্রক্রিয়া মেনে নিতে নারাজ তারা। এহেন পরিস্থিতির মধ্যেই এবার রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন তিনি।, সেখান থেকেই রাজ্যে নিয়োগ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।

গতকাল, বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই রাজ্যে ঢেলে কাজ হোক। সেই কারণে আমাদের ছেলেমেয়েদের চাকরি হচ্ছে। কেউ কেউ চায় না চাকরি হোক। শুধু বাধা দিয়ে কুৎসা করছে, যাতে চাকরি দেওয়া না যায়”। মমতার সংযোজন, “আমরা কারও চাকরি খাবও না। চাকরি দেওয়া বন্ধও করব না। নিয়মিত চাকরি দেব। মনে রাখবেন, আপনারা আমাদের সময়ে অনেক ভালো আছেন”।

নিয়োগ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীর সুরেই কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তরফে যে ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিলে নির্দেশ দেওয়া হয়েছিল, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে।

এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “এটা খুবই আশাব্যঞ্জক। মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটাই ঠিক। ঢালাও চাকরি হোক। সবাই চাকরি পাক। কর্মসংস্থানের সেই উদ্যোগকেই সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে। সেটা ভালো খবর”।

তাঁর কথায়, “টেট-এর জন্যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে সর্বস্তরে উদ্দীপনা তৈরি হয়েছে। অজস্র ছেলেমেয়ে টেট দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন। কিন্তু তা ব্যাহত করার চেষ্টা হচ্ছে। সেই প্রতারণা ও বিশ্বাসঘাতকতার দায় আমরা নিতে পারি না”।

সুপ্রিম কোর্টের ওই রায় প্রসঙ্গে গতকাল, বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি। সেটা পেলে আইনজ্ঞদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের মতামত চাইব ওই শিক্ষকদের কাজে যোগদান প্রসঙ্গে”।

RELATED Articles