কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, প্রতিবাদে ফের একবার ধর্নায় বসছেন মমতা, জগন্নাথধামে যাওয়ার আগে বড় ঘোষণা

এর আগেও বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছেন তিনি। এবারও এর অন্যথা হল না। আজ, মঙ্গলবার ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাওয়ার আগে এক বড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লিতে এবার ধর্নায় বসবেন তিনি।

জানা গিয়েছে, আগামী ২৯শে মার্চ দুপুর ১২টায় বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা। এই ধর্না চলবে ৩০শে মার্চ পর্যন্ত। মুখ্যমন্ত্রী হিসেবে এই কর্মসূচি পালন করবেন বলে জানালেন মমতা।

এদিন মমতা বলেন, আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ, সড়ক যোজনা নানান প্রকল্পে নাকি টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। এমনকি, এখানে যে কাজ হয়ে গিয়েছে, সেই টাকাও দিচ্ছে না কেন্দ্র। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে ধর্নায় বসবেন তিনি।

মমতা জানান, ছ’মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি এ ব্যাপারে জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় বৈঠক করতে এসেছিলেন তখন তাঁকেও বলা হয়েছিল। একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ জারি রেখেছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ১০০ দিনের কাজে শ্রমিকদের মজুরি বাবদ সাত হাজার কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে। শ্রমিকরা কাজ করেছেন, কিন্তু তাঁদের মজুরি আটকে রেখেছে দিল্লি। মমতার দাবী, সমস্ত প্রকল্প মিলিয়ে এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা বাংলা পায় দিল্লির থেকে।

ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় শাসক দল হলেও কেন্দ্রীয় স্তরে নিজেকে পুরনো বিরোধী দলও হিসেবেই সক্রিয় রাখতে চাইছেন মমতা। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরি করতে তা বেশ তাৎপর্যপূর্ণ। এই ধর্নায় দ্বৈত ভূমিকায় দেখা যাবে মমতাকে। এক তো বাংলার শাসক দলের প্রধান আর দুই, জাতীয় স্তরে অন্যতম বিরোধী দলের প্রধান।

আরও অন্যান্য খবর