উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ, বুধবার সকালে কার্শিয়াংয়ের রাস্তা হেঁটে পরিদর্শন করেন তিনি। স্থানীয়দের সঙ্গে বললেন কথা। রাস্তার ধারে বসেই খেলেন চা। রাস্তার পাশের দোকান থেকে জুতোও কিনলেন।
পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর পর দু’দিন প্রশাসনিক বৈঠক সেরেছেন তিনি। গতকাল, মঙ্গলবার কার্শিয়াংয়ের সার্কিট হাউজে রাত্রিবাস করেছেন তিনি। এদিন একটু বেলা গড়াতেই হাঁটতে বেরিয়ে পড়েন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। সাড়ে দশটা নাগাদ সার্কিট হাউজ থেকে রওনা দেন তিনি। প্রায় ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসেন মহানদী ভিউ পয়েন্ট গিদ্দায়।
রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। দু’বছর পর তিনি কার্শিয়াংয়ে রাত্রিবাস করছেন। এই দু’বছরে পাহাড়বাসী কী পেয়েছেন, কী পাননি, তা এলাকাবাসীর জবানিতেই শুনে নেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চাকে বেশকিছুক্ষণ ধরে আদরও করতেও দেখা যায় মমতাকে।
এরপর সোজা চলে আসেন মহানদী পয়েন্টে। সেখানে একটি চায়ের দোকানের সামনে চেয়ার নিয়ে বসে পড়ন তিনি। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে দোকানির সঙ্গে খোশমেজাজে গল্প জুড়ে দেন। তাঁদের আড্ডায় যোগ দেন অরূপ বিশ্বাসও।
এই আড্ডায় যোগ দেন ইন্দ্রনীল সেনও। তাঁকে গান শোনানোর জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে পাহাড়ের আড্ডা ছিল বেশ জমজমাট। এরপর একটি দোকান থেকে জুতোও কেনেন তিনি। মুখ্যমন্ত্রীর এমন সুলভ আচরণে বেশ আপ্লুত পাহাড়বাসীরা।





