পঞ্চায়েত নির্বাচন এবার মাঠে নামছেন মমতা, আগামী সপ্তাহ থেকেই ভোটপ্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী, শুরু কোচবিহার দিয়ে

পঞ্চায়েত নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এবার তাই ভোটের প্রচারে মাঠে নামছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ থেকে শুরু হবে তাঁর ভোট প্রচার। সূত্রের খবর, আগামীকাল, রবিবারই কোচবিহার যাচ্ছেন মমতা। সোমবার সেখানে রয়েছে জনসভা। পঞ্চায়েত ভোটের প্রচারের শুরুটা কোচবিহার থেকেই করবেন তৃণমূল নেত্রী।

কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, রবিবার বিকেলের মধ্যে জেলায় পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার কোচবিহার ১ ব্লকে নির্বাচনী সভা করবেন তিনি। প্রাণনাথ হাই স্কুলের মাঠে সভার আয়োজন করা হচ্ছে ওইদিনের জন্য। বেলা ১১ টা থেকে সভা শুরু হওয়ার কথা। কোচবিহারের সভা সেরে পাশের জেলা আলিপুরদুয়ারে যেতে পারেন মমতা।  

পঞ্চায়েত নির্বাচনে কীভাবে ভোট প্রচার হবে, সেই কৌশল স্থির করার জন্য গত সপ্তাহেই কালীঘাটে এক বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকে ছিলেন দলের সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা। সেখানেই সকলকে ভোটের প্রচারের কৌশল বুঝিয়ে দেওয়া হয় বলে খবর।

জানা যাচ্ছে, এই বৈঠকে মমতা বলেছেন যে গ্রামের দিকে ভোটের প্রচারে সকলকে সামিল হতে হবে। বিধায়ক-সাংসদ সকলকে ভোটের প্রচারে নামতে হবে। তৃণমূলের তারকা নেতানেত্রীরাও ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। জেলায় জেলায় প্রচার সারছেন সায়নী-সায়ন্তিকারা।

আর এবার মাঠে নামতে চলেছে খোদ তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গের কোচবিহার থেকেই এই প্রচার শুরু করবেন তিনি। কোচবিহার নানান কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও বা বিএসএফের গুলিতে কারোর মৃত্যু বা কখনও আবার রাজনৈতিক সংঘর্ষের জেরে প্রাণহানি, এমন নানান কারণে বারবার কোচবিহারের নাম জড়িয়েছে। সেই কারণে প্রচারের শুরুটা এখান থেকেই করবেন তৃণমূল নেত্রী, এমনটাই মনে করা হচ্ছে। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির শুরুও এও কোচবিহার থেকেই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও অন্যান্য খবর