তিন বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার হওয়া সম্ভব নয়, মমতার প্রস্তাব নাকোচ করে সাফ জানিয়ে দিল বিশেষজ্ঞ কমিটি

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা নেহাতই কম। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রেখেছিলেন যে ৫ বছরের বদলে ৩ বছরের কোনও ডিপ্লোমা কোর্স করিয়ে ডাক্তার তৈরি করা যায় কী না। নবান্নে রিভিউ বৈঠকে তিনি স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন যাতে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে এই বিষয়টি দেখা হয়। সেই বিশেষজ্ঞ কমিটিই এবার জানিয়ে দিল যে ডিপ্লোমা কোর্সে এভাবে ডাক্তার গড়া সম্ভব নয়।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ১৫ জনের বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি তৈরি করে স্বাস্থ্য দফতর। গতকাল, সোমবার এই কমিটির প্রথম বৈঠক করে। আর বৈঠকেই বিশেষজ্ঞরা জানান যে তিন বছরের ডিপ্লোমা কোর্স করিয়ে ডাক্তার বা তার সমতুল্য কোনও পদ তৈরি করা সম্ভব নয়। রাজ্যের নানান প্রান্তে সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য ব্যবস্থাকেই আরও উন্নত করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিপ্লোমা ডাক্তারের প্রস্তাব দেওয়ার পরই রাজ্যের নানান চিকিৎসক সংগঠনের তরফে আপত্তির তোলা হয়েছিল। তাঁরা জানিয়েছিলেন, এভাবে স্বল্প সময়ে ডাক্তার হওয়া বা ডাক্তারি করা যায় না। কম পড়াশোনা করে কেউ যদি ডাক্তার হয়ে যায়, তাহলে চিকিৎসা ব্যবস্থায় বড় বৈষম্যের সৃষ্টি হবে। একথা ধরেই নেওয়া হবে যে কম পড়াশোনা করা ডাক্তার দিয়ে গ্রামেগঞ্জের মানুষের চিকিৎসা চালানো যেতে পারে।

কমিটি এদিন জানায় যে গ্রামে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য স্বাস্থ্য ব্যবস্থাকেই আরও তৎপর হতে হবে। তবে নতুন পদ চালু করতে পারে স্বাস্থ্য দফতর। তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তাদের প্রয়োজনে ‘হেলথ কেয়ার প্রোভাইডার’ বা ‘হেলথ কেয়ার প্রফেশনাল’ বলা হবে। কিন্তু ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা যাবে না।

এদিকে আবার কমিটির এই মতামতের পরও প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রান্তিক এলাকায় পরিষেবা দেওয়ার জন্য বিশেষ অভিজ্ঞ নার্স, আশাকর্মী, এএনএম, আয়ুষ চিকিৎসক ইত্যাদি নানা স্বাস্থ্যকর্মী রয়েছেন। এবার প্রশ্ন উঠছে যে নতুন তাদেরই উন্নত কোনও প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্য সহায়ক হিসেবে কাজে লাগানো হবে, নাকি নতুন করে পদ তৈরি করে নতুন লোকজনকেই প্রশিক্ষণ দেওয়া হবে? কয়েক দিনের মধ্যে ফের এই কমিটি বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।

RELATED Articles