‘ইন্টারনেট পরিষেবা বন্ধ করছে তৃণমূল, দেখতে দেবেনা শাহের সভা’, বিস্ফোরক অভিযোগ বিজেপির

অমিত শাহের ভার্চুয়াল সভা যাতে সাধারণ মানুষ না দেখতে পায় তার জন্য রাজ্যে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করছে তৃণমূল! কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ আনল বঙ্গ বিজেপি। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও এই বিষয়ে কোন সরাসরি প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

শিয়রে বিধানসভা নির্বাচন। তাই করোনা ভয়কে ভুলে জোরকদমে প্রচারে নেমেছে বিজেপি। যদিও রাস্তাঘাটে নেমে প্রচার তারা করছে না। সম্পূর্ণ প্রচার কাজই এখন হচ্ছে ডিজিটাল মিডিয়ায়। রবিবার থেকে দেশে জনসংযোগ র‌্যালি শুরু করেছে বিজেপি। প্রথম দু’দিন বিহার ও ওড়িশার মানুষের উদ্দেশ্যে ভার্চুয়াল সেমিনার হয়েছে। আজ মঙ্গলবার তৃতীয় দিন পালা ছিল পশ্চিমবঙ্গের। কথামতোই সকাল ১১টা থেকে শুরু হয় এই ভার্চুয়াল সভা। অনলাইনে ভাষণ দেওয়া শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার লাইভ প্রচার করা হয় ফেসবুক ও ইউটিউব থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট-বড় বিজেপি কর্মীরা এই ভার্চুয়াল সভায় যোগদান করেছেন। এরপরই উঠে আসে মারাত্মক অভিযোগ। বিজেপি অভিযোগ করে শাসকদল ইচ্ছা করে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করেছে বিভিন্ন এলাকায় যাতে বিজেপি কর্মীরা অমিত শাহের সঙ্গে যোগাযোগ না করতে পারেন। কিন্তু তাদের এই চেষ্টা সফল হয়নি। অতীতে একাধিকবার বিজেপি নেতাদের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি রাজ্য সরকার। এইবার অনলাইন কর্মসূচীতেও একইভাবে ব্যাঘাত ঘটাচ্ছে রাজ্য।

যদিও বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়েছে তৃণমূল। সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এক নেতা জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। তাই তা নিয়ে মন্তব্য করা যুক্তিহীন।

RELATED Articles

Leave a Comment