একে অপরকে কথার বানে বিদ্ধ করার জন্য উপাদানের অভাব নেই দু’পক্ষেরই। করোনা প্রতিরোধ, পরিযায়ী শ্রমিক, রাজনৈতিক হিংসার মতো বিষয়গুলি নিয়ে আক্রমণ আসবে প্রত্যাশিত ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে পাল্টা অমিত শাহকে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে তৃতীয় দফায় বঙ্গবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। সেই সভা শুরুর ৩০ মিনিট আগে একটি টুইট বার্তায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাননীয় অমিত শাহজি, এই সংকটের সময় বাংলা আপনাকে কথা বলতে শোনেনি। তবে আমাদের আশা, আপনি এক মিনিট সময় নিয়ে এটার উত্তর দেবেন : চীন আমাদের ভূ-খণ্ডের এলাকা কি দখল করে নিচ্ছে নাকি করছে না?’
Respected @AmitShah Ji, Bengal has not heard you speak during these times of crisis, but we hope today you would take a minute to answer this:
“Are the Chinese occupying our territory or not?”
“চীন আমাদের ভূমির অংশ দখল করছে কি না?”
— Abhishek Banerjee (@abhishekaitc) June 9, 2020
করোনা পরিস্থিতিতে শুরু থেকেই রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত ক্রমশ জটিলতর হয়েছে। কখনও তা কেন্দ্রীয় দলকে সাহায্য না করার জন্য, লকডাউনের বিধি শিথিলের জন্য, কখনও করোনার প্রকৃত তথ্য গোপন, আবার কখনও স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক যেতে না দেওয়ার জন্য রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র।
ইতিমধ্যেই সব বিষয়গুলি নিয়েই রাজ্যস্তরে সরব হয়েছে বিজেপি। পাশাপাশি আমফান পরবর্তী পরিস্থিতি এবং ত্রাণ বণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সেই আবহের মধ্যে অমিত এবং তাঁর বাহিনী যে আক্রমণাত্মক কৌশলই নেবে, তা স্পষ্ট ছিল। তাই তৃণমূল জাতীয়তাবাদী ভাবাবেগ নিয়ে খোঁচা দিয়ে শাহ্কে কিছুটা অস্বস্তিতে ফেলার কৌশল নিয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে ২০২১ সালে সবুজ রং সরিয়ে বাংলাকে গেরুয়ায় মোড়ার হুঙ্কার দিয়েছেন অমিত!





