শুভেন্দু গড়ে তৃণমূলের উত্থানের মাটিতে আজ মেগা র‌্যালি  মমতার! ‘ভূমিপুত্রের’ পোস্টারে ছয়লাপ মেদিনীপুর

একদা দিদি-ভাইয়ের সম্পর্ক আজ এতটাই তিক্ত যে দল ছাড়ার মতো সিদ্ধান্ত নেওয়া আর মাত্র সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারীর। 
যে শুভেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের হাত ধরে নন্দীগ্রামের রাজনীতিকে সামনে রেখে বাংলার মসনদ জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুভেন্দু’ই আজ তৃণমূলে ব্রাত্য।
তৃণমূলের উত্থানের রাজনীতি মেদিনীপুরেই আজ সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আর মমতার পা মেদিনীপুরের মাটি ছোঁয়ার আগেই শুভেন্দুর নামে পোস্টার পড়ল, লেখা ‘মেদিনীপুরের ভূমিপুত্র’।
বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে গুঞ্জন শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত পড়তে শুরু করে ‘দাদার অনুগামী’ পোস্টার। যা প্রথমে জেলায় সীমাবদ্ধ ছিল তা তারপর ছড়িয়ে পড়ে কলকাতা শহরে‌ও। খোদ মুখ্যমন্ত্রীর গড়ে দাদার অনুগামীদের পোস্টার পরে।
প্রসঙ্গত উল্লেখ্য, বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে বেসুরো কথা বলার পরই রবিবার থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ‘সততার প্রতীক’ লেখা পোস্টার পড়তে শুরু করে। যেখানে ছিল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখ।
শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনার বারাসতেও।
আজ অর্থাৎ, সোমবার মেদিনীপুর কলেজ ময়দানে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, সভায় হাজির থাকবেন অন্তত ১ লক্ষ মানুষ। সভা উপলক্ষে গত কয়েকদিন ধরেই শহরকে সাজিয়ে তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তৈরি হয়েছে বিরাট তোরণ। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ ব্যানার, ও তৃণমূলীয় পতাকা।
আর এরই মধ্যে দুধে চোনা ফেলার মতো মেদিনীপুর শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার। তাতে লেখা, ‘আমরা দাদার অনুগামী’। মেদিনীপুর শহরের সার্কিট হাউজ, যেখানে রবিবার রাতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে পড়েছে ব্যানার। ব্যানার দেখা গেছে কলেজ মাঠসহ শহরের বিভিন্ন রাস্তার মোড়ে।
শুভেন্দুর সমর্থনে ব্যানার দেখা গিয়েছে বারাসতের ডাকবাংলো মোড়েও। সেখানে ব্যানারে লেখা, ‘নতুন ভোর হবে, আমরা দাদার পাশে।’ গত নভেম্বরেও বারাসতে শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার দেখা গিয়েছিল।

RELATED Articles