তাই নাকি! তৃণমূল নেতারাই দলের ক্ষতির কারণ! পদ্মশিবিরের অফার তাঁর কাছেও রয়েছে! জল্পনা বাড়ালেন উদয়ন 

বড় পরীক্ষার মুখে বেকায়দায় পড়েছে বাংলার শাসক শিবির তৃণমূল কংগ্রেস।
একের পর এক দল বদল, নেতাদের বিদ্রোহে জেরবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
কখন‌ও শুভেন্দু তো কখন‌ও রাজীব তো কখন‌ও শীলভদ্র! তৃণমূলের ভিতরমহলের বিরুদ্ধে সরব হয়েছেন এঁরা প্রত্যেকেই।
এঁদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার পর এবার দল ছাড়ার ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র বলছে বিজেপি।
আর এবার তৃণমুলকে এইভাবে বিপদে ফেলার জন্য দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তৃণমূল ছেড়ে ক্রমাগত বিজেপি যোগের জন্য দলের একাংশকেই দায়ী করলেন তিনি। সভায় দাঁড়িয়ে বললেন,  বিজেপিতে যাওয়ার অফার রয়েছে তাঁর কাছেও।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ, রবিবার কোচবিহারের দিনহাটায় বড়শাকদলে তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ।সেখানেই সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতাদের বিদ্রোহ ও দলবদলের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে দলের নেতা-কর্মীদের নিশানা করে তিনি বলেন, “তৃণমূলের লোকেরাই দলের ক্ষতি করছেন। তাঁদের একাংশের উপর ক্ষোভ থেকেই দলত্যাগের ঘটনা ঘটছে।”
যদিও তিনি মনে করছেন, এই দলবদল কোচবিহার তৃণমূলে প্রভাব ফেলতে পারবে না।  তাঁর কথায়, “দল ছেড়ে যে-ই যাক না কেন, যেখানেই যাক না কেন, কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না।” তাঁর কথায়, দলত্যাগে নয়, দলে থেকেই দলের ক্ষতি করার সুযোগ বেশি! এদিনের সভায় তৃণমূলের কারা কারা অনুপস্থিত তাঁদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। সরাসরি স্থানীয় তৃণমূল নেতত্বকে আক্রমণ করে বলেন, “গত ১০দিন কলকাতায় ছিলাম, এখানে তৃণমূল কর্মীরা রটিয়েছে উদয়ন গুহ বিজেপিতে যেতে পারে। এমনও হতে পারে, উদয়ন গুহ টিকিট পাবে না, তাঁকে কোচবিহার দক্ষিণে দিতে পারে, তাই ধরাধরি করতে গিয়েছে, টাকাপয়সা দিতে গিয়েছে, যাতে দিনহাটায় পেতে পারে।”
তবে তৃণমূলীদের আশঙ্কা যে একেবারেই অমূলক নয় তা জানিয়ে উদয়ন বলেন, তাঁর কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছে। দলের নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশের পর বিজেপির অফারের প্রসঙ্গ, তবে কী এটাই উদয়ন গুহর দল ছাড়ার ইঙ্গিত? এই প্রসঙ্গে বিতর্কিত বিধায়কের সাফ কথা, “আমি তৃণমূলের আদর্শ দেখে দলে আসিনি। আমি এসেছি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন বিজেপিতে গেলে আমিও যাব নাহলে নয়!”

RELATED Articles