সামনেই নির্বাচন। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে সব রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেই। কিন্তু শাসকদলে এখনও ভাঙন অব্যাহত। ফের ঘটল দলবদল। গতকাল, রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মী-সমর্থক দল ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। এদের সঙ্গেই এদিন বিজেপিতে যোগ দেন আরএসপির চারবারের কাউন্সিলর।
রবিবার বালুরঘাট পুরসভার চারবারের কাউন্সিলর পিনাকী বসু আরএসপি ছেড়ে বিজেপিতে যোগ দেন। বলেন, বিজেপির সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিলেন। তবে দলের প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেও আরএসপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
আরও পড়ুন- পাহাড়ে জনমুক্তি মোর্চার যুযুধান দু’পক্ষের লড়াইয়ের সুযোগ নিচ্ছে বিজেপি, ভোটের মুখে চরম বিপাকে শাসকদল
অন্যদিকে, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের ৫০ জন সদস্য দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন জেলা বিজেপির নেতৃত্বরা। এদিন বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মণ, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদাররা।
গতকাল এতজন তৃণমূল কর্মী-সমর্থকের বিজেপিতে যোগ দেওয়ায় বেশ উৎসবমুখর ছিল বিজেপি। তবে তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান দেওয়াকে তেমন একটা গুরুত্ব দিতে দেখা যায়নি তৃণমূল শিবিরকে। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি অমরনাথ ঘোষ জানান যে, গতকাল যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তারা কেউ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নয়।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
আবার, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গতকাল নানান দল থেকে অনেক মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর কথায়, যোগ দেওয়া সকলকে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। নির্বাচনের প্রাক্কালে এত মানুষের বিজেপিতে যোগ দেওয়ায় নির্বাচনে বিজেপির ফল ভালো হবে বলে তারা মনে করছেন।





