‘প্রাণে বাঁচতে হলে তৃণমূল করুন, নাহলে ৭ দিনের মধ্যে গুলি’, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিজেপি বিধায়ককে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ঘোষণা হয়ে গিয়েছে দিনক্ষণ। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো করে শুরু করে দিয়েছে ভোটের প্রস্তুতি। আর এমন আবহে এবার মাওবাদী পোস্টারে হুমকি শানানো হল বিজেপি বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে এই ধরণের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়।

আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পেশের কাজ চলছে জোরকদমে। এরই মাঝে পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর কিছু পোস্টার পড়ে থাকতে দেখা যায়। গতকাল, মঙ্গলবার এই পোস্টারগুলি চোখে পড়ে স্থানীয়দের। আর এরপরই শুরু হয়ে যায় শোরগোল।

এই পোস্টারগুলির লাল কালি দিয়ে কোনওটাতে লেখা, “বিজেপি বানেশ্বর মাহাতো এমএলএ যদি প্রানে বাঁচতে চান তবে তৃণমূল করুন। নাহলে গুলি করে শেষ করে দেবো। আমাদের সঙ্গে কোনও চালাকি নেই। ৭ দিনের মধ্যে গুলি করব”। আবার কোনও পোস্টারে লেখা, “প্রাণে বাঁচতে চাইলে বিজেপিকে একটা ভোটও নয়”। এই পোস্টারের নিচে প্রেরকের স্থানে লেখা রয়েছে কুমুদরঞ্জন চৌধুরী, হেঁসলা, ঝালদা। এর পাশে একটি ফোন নম্বরও লেখা রয়েছে।

এই পোস্টার প্রসঙ্গে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাত বলেন, “আজকে মাওবাদী নামাঙ্কিত প্রায় বারো থেকে পনোরোটি পোস্টার দেওয়ালে সাঁটা হয়েছে। কিছু রোডের উপর ফেলা ছিল। পোস্টারের উপরে মাওবাদী। সঙ্গে এও লেখা ছিল আগামী সাতদিনের মধ্যে এমএলএ বানেশ্বর মাহাত যদি তৃণমূলে যোগদান না করেন ওনাকে গুলি করে হত্যা করা হবে। আসলে পঞ্চায়েত ভোটে যাতে অস্থিরতা তৈরি হয় সেই কারণে পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে। আমি প্রশাসনকে বলব কড়া পদক্ষেপ করতে”।

এই পোস্টার ঘিরে সংশ্লিষ্ট এলাকায় বেশ হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে পোস্টারগুলি উদ্ধার করে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা আদৌ মাওবাদীদের তরফে ঘটানো হয়েছে, নাকি ভয় দেখানোর জন্য এই কাণ্ড ঘটানো হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

RELATED Articles