বিজেপির পার্টি অফিসে বসুন রাজ্যপাল, রাজভবনে কেন বসছেন? তীব্র কটাক্ষ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়রের অভিযোগ, রাজ্যপাল রাজ্য বিজেপি সভাপতির মতো কথা বলছেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রীকে করা টুইটে তথ্য গোপনের অভিযোগ তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর থেকেই সরগরম রাজ্য। টুইটে তিনি লেখেন, ৩০ এপ্রিলের করোনা বুলেটিনে বলা হল রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা ৫৭২। কিন্তু ১লা এপ্রিল কোনও বুলেটিন প্রকাশ করা হল না। যদিও কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, এই সংখ্যাটা ৯৩১। যদি এর মধ্যে কারও মৃত্যু হয় বা কেউ সুস্থ হয়ে ওঠেন তাও এই দুটি সংখ্যা কখনও মেলার নয়। এই সময় সাধারণ মানুষ অবর্ণনীয় যন্ত্রনার মধ্যে রয়েছেন। এই সময় সমন্বয়ের অভাব ভয়ঙ্কর। শকুনের মতো মৃত রাজনৈতিক দলগুলিকে সরিয়ে দিন। সকলকে একজোট করুন। সকলকে স্পষ্ট করে সেই তথ্য দিন। অভিযোগ রাজ্যপালের।
এই টুইটের পরিপ্রেক্ষিতেই ফিরহাদ বলেন, যে কথাটা রাজ্য বিজেপির সভাপতি বলছেন সেই কথাই রাজ্যপাল বলছেন। রাজনৈতিকভাবে মোটিভেট হয়ে গিয়েছেন উনি। রাজভবনটা উনি রাজ্য বিজেপির সদর দফতর হিসেবে ব্যবহার করছেন। রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। রাজভবনে বসে এভাবে কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন না তিনি। রাজ্যপাল বরং রাজভবন ছেড়ে রাজ্য বিজেপির সদর দফতরে এসে বসুন। সেখান থেকেই তিনি কাজ করুন।
এই চাপানউতোর এখন কতদিন চলে তাই দেখার।





