‘জমিদার নই, মানুষের পাহারাদার আমরা…’, উপনির্বাচনে তৃণমূল ছক্কা হাঁকাতেই শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট মমতার, বিজেপিকে ফুট কাটলেন অভিষেকও

আজ, শনিবার ছিল রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলাফল। এদিন ফের একবার বিরোধীদের ধরাশায়ী করে রাজ্যের ৬ প্রান্তেই উড়েছে সবুজ ঝড়। ছক্কা হাঁকিয়েছে ঘাসফুল শিবির। এমন জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় জয়ীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা-মাটি-মানুষই এই জয়ের কাণ্ডারি বলে উল্লেখ করলেন তিনি। এদিন এই জয় নিয়ে বিজেপিকে ফুট কাটতেও ছাড়লেন না তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন”। এই পোস্টে তিনি আরও লেখেন, “এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা”।

জয়ীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে”।

এদিন নাম না করেই বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেন অভিষেক। নিজেদের অর্থাৎ মা-মাটি-মানুষের দলকে ‘পাহারাদার’ হিসাবেই ব্যাখ্যা করেছেন তিনি। লেখেন, “আমরা জমিদার নই। মানুষের পাহারাদার। আর এই ভাবেই মানুষের আর্শীবাদ নিয়ে থাকতে চাই”।

এদিন তৃণমূলের জয়ের পর বিজেপিকে তোপ দাগতে ছাড়েন নি তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ওঁরা ২০২৬-এ ক্ষমতায় আসবেন। ওঁরা ৩০২৬এও পারবেন না। কারণ ওঁরা বাংলার মানুষের জন্য কোনো কিছু করেননি”।

আরও পড়ুনঃ ‘আর জি কর কাণ্ড সাজানো ঘটনা…’, উপনির্বাচনে জিতেই বিস্ফোরক মন্তব্য তৃণমূল প্রার্থীর 

তবে উপনির্বাচনে যে এমনই ফলাফল হতে পারে, তা আগে থেকে কিছুটা আন্দাজ করাই গিয়েছিল বটে। নৈহাটি, তালডাংরা, মাদারিহাট, হাড়োয়া, মেদিনীপুর, সিতাইয়ে ছিল উপনির্বাচন। এর মধ্যে মাদারিহাট ছিল বিজেপির দখলে। তবে এই প্রথম এবার সেখানেও ফুটল ঘাসফুল শিবির। আর জি কর কাণ্ডের প্রতিবাদ-আন্দোলনও কোনও প্রভাব ফেলতে পারে নি তৃণমূলের ভোটবাক্সে।

RELATED Articles