মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই শব্দকে রুখতে পরীক্ষার্থীদের বেশ কয়েকটি হেল্প লাইন নম্বর দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। তাই কলকাতা শহরে পরীক্ষা চলাকালীন তেমন মাইক বাজানোর অভিযোগ পাওয়া না গেলেও মাধ্যমিকের তৃতীয় দিনের মাথায় এমনই অভিযোগ পাওয়া গেল বর্ধমান জেলায়।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী সভায় উচ্চ স্বরে মাইক বাজানোর অভিযোগ উঠলো আইএনটিটিইউসি-র সভানেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের সভায়। এই ঘটনার জেরে বিপাকে রাজ্যের শাসকদল। যদিও স্বাভাবিকভাবেই মাইক বাজিয়ে সভা করার কথা অস্বীকার করেছেন সাংসদ দোলা সেন। তিনি বলেন, এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে হলের ভেতরে বক্তব্য রাখছিলেন তিনি। হলের বাইরে কোনও মাইক বাজছিল না। মাইকগুলির তার কাটা ছিল।
যদিও পুলিশ সূত্রে খবর, বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে দোলার সভা চলাকালীন উচ্চ স্বরে মাইক বাজানোর অভিযোগ আসে থানায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ হলের বাইরের মাইকগুলি বন্ধ করিয়ে দেয়। তবে বাইরের মাইকগুলো বন্ধ করলেও দোলা সেনের সভায় কোনও ব্যাঘাত ঘটেনি।






