শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে অশালীন ভাষায় বেলাগাম আক্রমণ মৎস্যমন্ত্রী অখিল গিরির, তুমুল বিতর্ক বঙ্গ রাজনীতিতে

তাদের মধ্যে এমনিতে বাকবিতণ্ডা লেগেই থাকে। তবে এবার যেন মাত্রা অতিক্রম করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী। অশালীন ভাষাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথিএ সাংসদ শিশির অধিকারীকে বেলাগাম আক্রমণ করলেন তিনি।

জানা গিয়েছে, সাংসদকে লেখার অযোগ্য ভাষাতে তীর বিঁধেছেন অখিল গিরি। কাঁথিতে যুব তৃণমূলের এক সভামঞ্চ থেকে শিশির অধিকারীর উদ্দেশে এমন কটূক্তি করেন রাজ্যের মৎস্যমন্ত্রী।

শিশির অধিকারী এখনও তৃণমূলেই রয়েছেন, দল ছাড়েন নি তিনি। এই নিয়ে কটাক্ষ শানিয়ে অখিল গিরি বলেন, “শিশির অধিকারী না পদত্যাগ করেন, না দলে রয়েছেন। এরা না পুরুষ, না নারী…..”।

অখিল গিরি অভিযোগ করেন যে শিশির অধিকারী তৃণমূলে থেকেও তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন। অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন। সেই আক্রমণের পাল্টা জবাব হিসেবেই এদিন শিশির অধিকারীকে অশালীন ভাষায় আক্রমণ করেন অখিল গিরি। একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির দলীয় সমাবেশে শিশির অধিকারীর যোগদানের প্রসঙ্গও এদিন টেনে আনেন মন্ত্রী।

এর আগে কখনও কোনও বর্ষীয়ান রাজনৈতিক নেতাকে এভাবে অশালীন ভাষায় আক্রমণ করতে যে দেখা বা শোনা যায় নি, তা বলাই বাহুল্য। অখিল গিরির এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেশ শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এই বিষয়ে অধিকারী পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

আরও অন্যান্য খবর