এর আগে শাসক দলের নানান নেতা-মন্ত্রীকে শোনা গিয়েছে নানান হুমকি-হুঁশিয়ারি দিতে। এর জেরে বেশ অস্বস্তিতেও পড়তে হয়েছে শাসক দলকে। এবার সিভিক ভলান্টিয়ারদের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল। তিনি বলেন, “গোয়ালপোখরের সিভিক ভলান্টিয়ররা ভোটে রাজ্যের হয়ে কাজ না করলে চাকরি কীভাবে করেন দেখব”।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর মাত্র চারদিন বাকি। ফলে সমস্ত রাজনৈতিক দলগুলি জোরকদমে শুরু করেছে প্রচার। গতকাল, সোমবার গোয়ালপোখোরে নির্বাচনী সভা করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল। সেই সভা থেকেই সিভিক ভলান্টিয়ারদের হুঁশিয়ারি শানান তিনি।
এই সভা থেকে গোলাম রসুল বলেন, “কোনও সিভিক ভলান্টিয়র পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হয়ে কাজে না করলে ৮ তারিখের পরে সে কী করে চাকরি করে,তা দেখে নেওয়া হবে”। উত্তর দিনাজপুরের পরিষদের বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম রসুলের মন্তব্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে এমন মন্তব্য কেউ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
তবে ভাইয়ের এহেন মন্তব্যকে অবশ্য সমর্থন করেন নি মন্ত্রী গোলাম রব্বানী। তাঁর কথায়, “একজন সরকারি কর্মচারীকে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। যদি কোনও সিভিক ভলান্টিয়র কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, তা কখনোই কাম্য নয়”।
তবে এই ঘটনাকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি। বিজেপির জেলার সহ-সভাপতি সুরজিৎ সেন কটাক্ষ করে বলেন, “রাজ্যে কোনও প্রকল্প শুরু হলে তা কখনই বন্ধ হয় না। সিভিক ভলান্টিয়রদের চাকরি কবেই বা স্থায়ী হল? আর এ ধরনের চাকরি কখনই কোনও নেতা মন্ত্রী খেয়ে নিতে পারেন না। আর তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা ভুলভাল বকছে”।





