এর আগেও খোদ বাংলাতেই হিন্দু মন্দিরে হামলা, দেবদেবীর মূর্তি ভাঙার ঘটনা সামনে এসেছে। এবারও ফের তেমনই এক ঘটনা ঘটল। কালী প্রতিমার সঙ্গে থাকা শিব মূর্তির মাথা কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। অভিযুক্তকে শনাক্ত করে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়। সেখানে শ্রীহট্ট গ্রামের রানি ভবানী কালীপুজো বেশ বিখ্যাত। প্রায় ৫০০ বছরের প্রাচীন এই পুজো। প্রতি বছরই বেশ জাঁকজমক করে কালীপুজো হয় সেখানে। এবারেও সেই প্রস্তুতি ছিল তুঙ্গে। চলছিল প্রতিমা তৈরির কাজ। সেই সময় ঘটে গেল বিপদ।
দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে পুজোয় বড় বাধা। আনন্দ বদলে গেল বিষণ্ণতায়। বুধবার গভীর রাতে কালীপ্রতিমার পাদদেশে অবস্থান করা শিবের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখে গামছা বাধা অবস্থায় এক দুষ্কৃতী শিব মূর্তির মুণ্ডু কেটে নেয়।
আজ, বৃহস্পতিবার সকালে মূর্তির ওই অবস্থা দেখে রীতিমতো শিউড়ে ওঠেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বড়ঞা পুলিশে। অভিযোগ দায়ের করা হয়েছে। ৫০০ বছরের পুরনো কালীপুজোর আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই স্তম্ভিত সকলে। সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে।





