রাতের কলকাতা যেন ক্রমেই অসুরক্ষিত হয়ে পড়ছে। রাতের অন্ধকারে খুন এক ব্যবসায়ী। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি এসে লাগে তাঁর বুকে। লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ব্যবসায়ীকে। কী কারণে খুন হলেন ব্যবসায়ী?
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নাসিরউদ্দিন খান। ভাঙড়ের বাসিন্দা তিনি। ইটের পাশাপাশি কয়লার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে ওই ব্যবসায়ী নিউটাউনের রামমন্দির আইল্যান্ডের কাছে চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় বাইকে করে আসে দুই দুষ্কৃতী।
আচমকাই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায় এক দুষ্কৃতী। মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। এরই মধ্যে পালায় সেই বাইকে থাকা দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। তদন্ত শুরু করেছে এই ঘটনায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত কারণে এই খুন নাকি নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ওই মৃত ব্যক্তির এক ব্যবসায়ী বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর দাবী তাঁকে ফাঁসানো হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, “একটা ফোন এসেছিল আমার কাছে। শুনলাম গুলি চলেছে। বাইকে চড়ে এসে কেউ গুলি করে দিয়ে চলে গিয়েছে। স্পটে ছেলেটি পড়ে রয়েছে। পুলিশ সঙ্গে-সঙ্গে এসেছে। এই এলাকা খুবই জমজমাট। সব সময়ই পুলিশ এখানে থাকে। আধিকারিকরা এসে টহল দেন। হঠাৎই কী হল বুঝলাম না ঠিক”।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান! নিউটাউনে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি”।





