প্রতি মাসের শুরুতেই তেল বিপণন সংস্থাগুলির বৈঠকে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। প্রতি মাসের ১ তারিখেই গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসে বা সেই দামই অপরিবর্তিত থাকে। এবার নতুন মাস পড়তেই হাসি উড়ল আমজনতার মুখের। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম।
রবিবাসরীয় সকালটা খুব একটা মধুর হল না মধ্যবিত্তদের জন্য। লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। মূল্যবৃদ্ধি নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি বেড়ে চলেছে, এমন আবহে ফের গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ আরও প্রশস্ত হল। একলাফে ৪৯ টাকা বেড়ে গেল গ্যাসের দাম।
লোকসভা ভোটের আগে কমেছিল গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু এবার বাড়ল সেই দাম। তবে গৃহস্থালির নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। জানা গিয়েছে, দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বাড়ায় সেই দাম দাঁড়িয়েছে ১৬৯১ টাকা ৫০ পয়সায়। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৮ টাকা। ফলে এখন ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৮০২ টাকা ৫০ পয়সা। মুম্বইতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪৯ টাকা।
এর আগে আগস্ট মাসে বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সেই সময় ৬ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছিল। তবে এবার একলাফে অনেকটাই বেড়েছে গ্যাসের দাম। তার আগে জুন মাসে অনেকটা কমানো হয়েছিল ১৯ কেজি সিলিন্ডারের দাম। সেই সময় একেবারে ৬৯.৫০ টাকা কমেছিল দাম। তবে সেপ্টেম্বরে দাম বেড়ে গেল ৪৯ টাকা।
তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি না হওয়ায় খানিক স্বস্তিতে তারা। এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডার প্রধানত হোটেল, রেস্তোরাঁর ব্যবসায় ব্যবহার হয়। ফলে দাম বাড়ার ফলে চাপ বাড়বে ব্যবসায়ীদের উপর। সিলিন্ডারের দাম বাড়ার ফলে খাবারের দামেও এর প্রভাব পড়তে পারে। ফলে সরাসরি না হলেও গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে পরোক্ষভাবে সাধারণ মানুষের উপরও এর প্রভাব পড়বে।





