একনাগাড়ে বৃষ্টি (Heavy rainfall) হয়ে চলায় রাজ্যবাসী মূলত নাজেহাল হয়ে গিয়েছেন। রাস্তাঘাটে সব জায়গায় জল জমে থাকায়, যাতায়াত করতেও বেশ অস্বস্তি হচ্ছে। কোথাও বেরোতে যাওয়ার পরিকল্পনা করলে বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে। যে কারণে আবহাওয়া (Weather) রীতিমত চিন্তায় ফেলেছে রাজ্যবাসীকে! কেমন থাকবে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া? পূর্বাভাসে কী জানাল আবহাওয়া দফতর?
আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গবাসীর সাময়িক স্বস্তি হলেও আগামী মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের দুই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ শহর কলকাতায় কেমন আবহাওয়া থাকবে সেটাও জানানো হয়েছে পূর্বাভাসে।
রবিবার অর্থাৎ আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এটি ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭-৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতাতে তাপমাত্রা থাকবে ২৮-৩৩ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার আকাশ পরিস্কার থাকলেও কোথাও সাময়িকভাবে আকাশ মেঘলা হতে পারে। চড়া রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বেশ কয়েকদিন মুষলধারে বৃষ্টি হওয়ার পর আগামী কয়েকদিন আর রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ বজ্রবিদ্যুৎ এর সাথে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতাতে আজ সকালে রোদ উঠলেও কখনও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, দু-এক পশলা বৃষ্টিও হতে পারে।






