সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলিই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জেলায় জেলায় চলছে নানান কর্মসূচি। বিজেপির তরফে বাংলার জেলায় সংগঠন মজবুত করতে পাঠানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। গত ২৩শে নভেম্বর পাঁচদিনের জেলা সফরে বাংলায় এসেছেন তিনি। গতকাল, রবিবার সফরের শেষদিনে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নানানভাবে তোপ দাগেন তিনি।
পাঁচদিনের জেলা সফরে মিঠুনের সর্বক্ষণের সঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাঁচদিন পাঁচ জেলায় কর্মসূচি করেন মহাগুরু। সফরের শেষদিন অর্থাৎ গতকাল, রবিবার তাঁর সভা ছিল বীরভূমের বোলপুরে। এদিন অনুব্রতহীন বোলপুরে দাঁড়িয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, তাদের অভাব-অনটনের কথা শুনে তাদের পাশে থাকার বার্তা দেন মহাগুরু।
এদিন মিঠুন বলেন, “সবকিছু মোদীজি-অমিত শাহ করবেন এটা হবে না। এবার আমাদেরও কিছু করতে হবে। তাই সবাই এবার দায়িত্ব নিয়ে বলুন আমরা সবাই মিলে কাজ করব”। এদিন শাসক দলের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি।
নাম না করেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান বিজেপি নেতা। তাঁর কথায়, “সুষ্ঠু নির্বাচন হলেই বাংলায় জিতবে বিজেপি”। তিনি আরও বলেন, “ফেয়ার ইলেকশন হলে কালকে বিজেপি ক্ষমতায় আসবে। সুষ্ঠ নির্বাচনের পরেও আপনি জিতলে স্যালুট। কিন্তু, সুষ্ঠ নির্বাচনই তো হতে দিচ্ছেন না। এখন তো অনেক পুলিশকর্মী চাটুকারিতা করছেন। তাঁরা শিরদাঁড়া সোজা করে দাঁড়ালে বদলাতে পারে চিত্রটা”।
এদিনের এই সভা থেকে সিএএ নিয়েও মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। বলেন, “নাগরিকত্ব আইন নিয়ে একটা অংশের মানুষ ভুল বার্তা ছড়াচ্ছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। বাংলা থেকে দূর করতে হবে ভয়ের রাজনীতি। সিএএ বোঝাতে কোনও আলাদা ব্যবস্থার দরকার নেই। ভারতবর্ষ যদি বাড়ি হয়, তাহলে এই বাড়ির মালিক আপনিই। আপনার আধার কার্ডই নাগরিকত্বের আসল প্রমাণ। ভারতবর্ষে সকলের সমান অধিকার”।





