জল্পনা উস্কে ফেসবুক লাইভ করার ঘোষণা বিদ্রোহী রাজীবের! ১৬ তারিখ কি বদলাতে চলেছে তাঁর ব্যক্তিগত রাজনীতির সমীকরণ?

রাজীব ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী। শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনার সময় থেকেই বঙ্গ রাজনীতিতে যে আরেকটি নাম আলোড়ন ফেলেছিল সেটি রাজীব ব্যানার্জির নাম।

 

শুভেন্দু অনুগামীদের মতো রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল রাজীব অনুগামীদের। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলতে শোনা গেছে তাঁকে।

 

বিভিন্ন সময়ে রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়িছেন তিনি। উল্টো দিকে তাঁর বিষয়ে প্রশংসা শোনা গেছে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলায়। আর তাতেই বেড়েছে জল্পনা, গুঞ্জন। তাহলে কি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সঙ্গ ত্যাগ করতে চলেছেন রাজীব? সদুত্তর যদিও এখনও মেলেনি।

 

তবে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর পরে চর্চা অব্যাহত রেখে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় এবার সাধারণ মানুষের কাছে পৌঁছতে সাহায্য নিচ্ছেন সোশ্যাল মিডিয়ার।

 

আগামী ১৬ জানুয়ারি তিনি ফেসবুক লাইভ করবেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর আপাতত তা নিয়েই গুঞ্জনে মেতেছে পশ্চিমবঙ্গীয় রাজনীতি।  ফেসবুকে নিজের পেজে বনমন্ত্রী লিখেছেন, “সাধারণ মানুষের কাছে পৌছনোর জন্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে  আমি সবসময় সোশ্যাল মিডিয়াকেই আগে রাখি। আগামী ১৬ জানুয়ারি শনিবার ফেসবুক লাইভে আসছি।” এই ফেসবুক লাইভ থেকে তিনি কি বলেন? সেটাই এখন দেখার।

 

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু পরবর্তী তৃণমূলে হঠাৎ করেই মন্ত্রীত্ব ও দলীয় পদ ছেড়েছেন হাওড়ার লক্ষীরতন শুক্লা।  বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই কঠিন সময়ে তাঁর হঠাৎ দলত্যাগ চরম অস্বস্তিতে ফেলে শাসক দলকে। আর তারপর থেকেই বেসুরো গাইছেন রথীন চক্রবর্তী। এই অবস্থায় বনমন্ত্রী ও হাওড়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দোপাধ্যায় ঠিক কি বলতে চলেছেন তা নিয়েও চিন্তিত রাজ্যের শাসক দলের নেতারা। গত কয়েকদিন ধরে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সমালোচনা শোনা গেছে রাজীবের গলায়। যদিও রাজীব বন্দোপাধ্যায় কারও নাম কখনও নেননি।

 

এই পরিস্থিতিতে আগামী ১৬ তারিখ রাজীব ফেসবুক লাইভে এসে কি বলতে চান তা নিয়ে অধীর  অপেক্ষায় বাংলার আপামর রাজনীতি প্রেমীরা।

 

 

RELATED Articles