কংগ্রেসের সামনেই রাজ্যসভায় নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের প্রথম সরকারের প্রথম প্রধানমন্ত্রী বলে উল্লেখ করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের গণতান্ত্রিক পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, এই নিয়ে বহুবার অনেক প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ। এবার তাদের সেই প্রশ্নের মোক্ষম জবাব দিলেন মোদী নিজেই।

সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সময় ভারতের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আমলে গণতান্ত্রিক পরিবেশের যে যথেষ্ট উন্নতিসাধন হয়েছে, তা নিজের ভাষণে বোঝাতে চান প্রধানমন্ত্রী। একথা বলতে গিয়েই নেতাজিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আখ্যা দিলেন তিনি।

এদিন সভায় মোদী বলেন, “আমাদের গণতন্ত্র একেবারেই পাশ্চাত্য প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক প্রতিষ্ঠান। ভারতে যে গণতান্ত্রিক সংস্থা ছিল, তার প্রচুর উদাহরণ রয়েছে। প্রাচীন ভারতে গণতন্ত্রের ৮১টি দিক পেয়েছি। চারিদিক থেকে যখন ভারতের জাতীয়তাবাদের উপর হামলা হচ্ছে, সে বিষয়ে ভারতের মানুষকে অবহিত করা প্রয়োজন।“

তিনি এও বলেন যে, “ভারতের জাতীয়তাবাদ সংকীর্ণ নয়, স্বার্থান্বেষী নয়, আক্রমণাত্মক নয়। এই দেশ সত্যম শিবম সুন্দরম মূল্যবোধের দ্বারা অনুপ্রাণিত। এই উক্তি আজাদ হিন্দ ফৌজের প্রথম সরকারের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি”। দুঃখপ্রকাশ করে মোদী বলেন যে নেতাজির ভাবনা, আদর্শ, বিচার সবাই ভুলে যেতে বসেছে। এদিকে, রাজনৈতিক মহলের মতে, নেতাজিকে আজাদ হিন্দ ফৌজের প্রথম সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে কংগ্রেসকে পাল্টা বার্তা দিলেন মোদী।

RELATED Articles