গতকাল, রবিবারই রাজ্যে এ বছরের প্রথম নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হলদিয়ায় অনুষ্ঠান শেষ করে বিজেপির জনসভায় অংশ নেন মদি।এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতৃত্বকে বাক্যবাণে বিদ্ধ করেন তিনি। এও জানান যে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভা বৈঠকেই পিএম কিষান নিধি প্রকল্প চালু করা হবে। এছাড়াও, বিগত কয়েকবছরে পিএম কিষান নিধি প্রকল্পের বকেয়া টাকাও দেওয়া হবে কৃষকদের। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় আশার আলো দেখছেন বাংলার কৃষকেরা।
জানা গিয়েছে, এরপর বীরভূমে সভা করবেন একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বরা। এরই মধ্যে তালিকায় সবচেয়ে প্রথমেই যে নামটি উঠে এসেছে, তা হল বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৩ই ফেব্রুয়ারি বীরভূমের নানুরে সভা করবেন যোগী। এছাড়াও, ১০ই ফেব্রুয়ারি মল্লারপুরে আসবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর ১২ই ফেব্রুয়ারি দুবরাজপুরে সভা করতে আসবেন স্মৃতি ইরানি।
গত শনিবার নবদ্বীপ থেকে বঙ্গে পরিবর্তন রথযাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিনও আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সুর তোলেন তিনি। এরপর রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী এসে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন।
শনিবার বিজেপির রথযাত্রার সূচনার পর আগামীকাল আরও দুটি রথযাত্রার সূচনা করবে বিজেপি। তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে এই রথযাত্রার সূচনা করা হবে। মঙ্গলবার এই দুটি রথের দড়ি টানবেন জে পি নাড্ডা। এরপর আগামী ১১ই ফেব্রুয়ারি বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বনগাঁর ঠাকুরনগরে সভা করবেন তিনি। তারাপীঠে রথের দড়ি টানার পর তারাপীঠের মন্দিরে পুজো দেবেন তিনি। এছাড়াও, তারাপীঠে একটি জনসভা করবেন তিনি।





