Weather update : আসছে দাপুটে বর্ষা! বুধবার থেকে ভিজবে বাংলা, রেড-কমলা সতর্কতায় কেরল-মহারাষ্ট্র!

গত কয়েকদিন ধরেই রাজ্যের আকাশে রোদের মাঝে লুকোচুরি খেলছে মেঘ। কোথাও হঠাৎ ঝোড়ো হাওয়া, কোথাও আবার হালকা বৃষ্টি। জুন না আসতেই এমন আবহাওয়ার পরিবর্তন অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, বছরের এই সময়টায় এমন ভেজা ভাব সাধারণত দেখা যায় না। যাঁরা গ্রীষ্মের তীব্রতা থেকে কিছুটা মুক্তি চাচ্ছিলেন, তাঁদের কাছে হয়তো স্বস্তির খবর হতে পারে, কিন্তু কৃষকদের মতো কিছু মানুষের জন্য এই আচমকা বৃষ্টি আবার উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে।

একটি দশক পরে আবারও ঘটল বিরল ঘটনা। নির্ধারিত সময়ের আটদিন আগেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। ২০০৯ সালের পরে এই প্রথমবার এমনটা হল। আর বর্ষা ঢুকেই যেন নিজের জোরালো উপস্থিতি জানান দিয়ে দিয়েছে। কাসারগড, কুন্নুরে রবিবার জারি হয়েছে রেড অ্যালার্ট, আর তিরুঅনন্তপুরম থেকে শুরু করে মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাদ—কেরলের একাধিক জেলায় তিনদিনের জন্য রয়েছে কমলা সতর্কতা। শুধু কেরলই নয়, এই অকাল বর্ষার প্রভাবে দেশের অন্যান্য রাজ্যেও তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে এই তো শুরু, আগামী বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়াও এবার বর্ষার ছোঁয়ায় বদলাতে চলেছে। রবিবার ও সোমবার ৮টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, বিশেষ করে নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলগুলিতে।

আরও পড়ুনঃ Astrology: ৭ জুনের পর হঠাৎ বদলে যাবে ভাগ্য! মঙ্গল-কেতুর ভয়ংকর যুগলবন্দিতে কোন ৫ রাশি পড়বে বিপদে?

কেরলের বর্ষার ঢেউ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। রবিবার সকাল থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ কর্ণাটকে ২৪ থেকে ২৭ মে-র মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, হিমাচলপ্রদেশে হঠাৎ হড়পা বান হলেও প্রাণহানির খবর নেই, তবে হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়া ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মণিপুর, মেঘালয়, অসম, মিজোরাম, নাগাল্যান্ডেও আসতে চলেছে বৃষ্টি। সবমিলিয়ে, বর্ষা এ বছর যে যথেষ্ট তেজ দেখিয়ে আসছে, তা বলাই বাহুল্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles