একরকম শখ থেকেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাঁর সেই শখ যে তাঁকে পথে বসাবে, তা হয়ত চিন্তাও করেন নি সৌরভ। প্রতারণার ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুইয়ে এখন মাথা চাপড়াচ্ছেন তিনি। প্রতারণার ফাঁদে পড়ে এখন সর্বস্ব খুইয়েছেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
দীর্ঘদিন থেকেই স্টক মার্কেটে বিনিয়োগ করে আসছেন বেলুড়ের বাসিন্দা সৌরভ টিবরেওয়াল। বাড়তি লাভের আশায় বিনিয়োগের নানান কৌশলও শিখেছিলেন তিনি। আর এসবের মধ্যেই হোয়াটসঅ্যাপে একটি গ্রুপের ফাঁদে পড়েন তিনি। ওই গ্রুপে সহজেই ট্রেডিংয়ের বড় প্রলোভন দেখানো হয়েছিল। সেই গ্রুপের মাধ্যমেই একটি অ্যাপে ঢোকেন তিনি।
সূত্রের খবর, সৌরভ প্রথমে টাকা ঢালেন। সেবার ডোবেনি তাঁর টাকা। উল্টে লাভ সমেত আসল ফেরতও পান ওই ব্যক্তি। তাতেই আরও ভরসা বেড়ে যায় সৌরভের। ধীরে ধীরে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেন। সৌরভ জানান, প্রায় ২ কোটি ৩০ লক্ষেরও বেশি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি।
ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগ আসতেই আর কোনও টাকা ফেরত পাননি তিনি। কিছু সময় পরেই তিনি বুঝতে পারেন যে অনলাইনে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে হাতানো হয়েছে তাঁর টাকা। মাথায় হাত পড়ে তাঁর। বেলুড় থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করেন সৌরভ।
এত পরিমাণ টাকার সাইবার জালিয়াতির কথা জানতে পেরে হতবাক হয় পুলিশও। এর আগে জেলায় এত বিপুল পরিমাণ টাকার জালিয়াতি হয়নি বলে জানায় বেলুড় থানার পুলিশ। সৌরভের অভিযোগ পাওয়ার পরই তাঁর সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পুলিশ। জানা গিয়েছে, ১ কোটি ২৩ লক্ষ টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। বাকি টাকার খোঁজ চালাচ্ছে পুলিশ।





