Sougata attacks Modi: হতে চান রবীন্দ্রনাথ, কিন্তু উনি ঠগেন্দ্রনাথ! প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ তৃণমূলের সৌগত’র

বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ভাষা-জ্ঞানের সঙ্গে আর আপস করছেন না রাজনীতিকরা। আর তাই বঙ্গ রাজনীতিকে ছুটছে কু-কথার ফোয়ারা।

শুভেন্দুর পর এবার অসাংবিধানিক ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূলের শিক্ষিত সৌগত।

কী বললেন TMC-র এই বর্ষীয়ান সাংসদ ?

আজ যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে এসেছেন সেই তখনই বরানগরে তৃণমূলের সভায় সৌগতবাবু বলেন, ”ফেব্রুয়ারি মাসে রাজ্যে মোদী আসছেন। উনি এত বড় দাড়ি রেখেছেন যে, অনেকে বলছে উনি নাকি রবীন্দ্রনাথ হতে চান। আমি হোয়াটসঅ্যাপে একটা বিজ্ঞাপন দেখলাম। যেখানে ওঁর বড় দাড়ির ছবি দিয়ে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ নয় ঠগেন্দ্রনাথ ঠাকুর। মানুষকে ঠকাচ্ছেন তাই উনি ঠগেন্দ্রনাথ।”

প্রধানমন্ত্রীকে নিশানায় রেখে আক্রমণের ঝাঁঝ আর‌ও বাড়ান তৃণমূলের এই বরিষ্ঠ নেতা। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বঙ্গ সফর নিয়েও  কটু মন্তব্য করেন সৌগত।  তিনি বলেন, ” রাজ্যে এসে মূল বাংলায় রবীন্দ্রনাথের গানকে উদ্ধৃত করেছেন মোদী। ওরে গৃহবাসী বলতে গিয়েই গুলিয়ে ফেলেছেন। বলেছেন ওরে গ্রহবাসী। এমনকী প্রার্থনা কবিতার মাত্র চারলাইন উনি বলতে পেরেছেন। পরের লাইনগুলি উনি বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যেদিন উনি সবকটা লাইন বলতে পারবেন, সেদিন আমি আর তৃণমূলের হয়ে বক্তব্য রাখতে আসব না। আর আমি জানি সেদিন আসবে না।”

অতঃপর নিজের নিশানা বদলান সৌগত। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও তাচ্ছিল্য করেন তিনি। একাধারে বাক্যবান শানান রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সম্পর্কেও। তৃণমূলে বর্ষীয়ান নেতা বলেন, নাড্ডা ফাড্ডারা রাজ্যে আসছেন। একজন আসছেন যাঁর নাম কৈলাস বিজয়বর্গীয়। এসেই বলছেন কই লাস ? নামের মধ্যেই বর্গী রয়েছে মানে ডাকাত।

তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলের অন্দরে সবচেয়ে শিক্ষিত, মার্জিত ও রুচি বোধ সম্পন্ন মানুষ হিসেবে সৌগত’র সুনাম আছে। একাধারে অধ্যাপক তথা শিক্ষা জগতের সঙ্গে জড়িত থাকায় এমনিতেই সৌগতবাবু শব্দ চয়নে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের থেকেই আলাদা। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তাঁর মুখ থেকেই ধরনের শব্দচয়ন বিস্মিত করেছে বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞদের। কোথাও কি চাপ অনুভব করছে শাসক শিবির? আর তার ফলস্বরূপ‌ই বেরিয়ে আসছে এই ধরনের ভাষা? উঠছে প্রশ্ন!

RELATED Articles