আজই বাংলার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে সভা করবেন তিনি। এছাড়াও করবেন দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন। আর মোদীর বঙ্গ সফরের ঠিক ২৪ ঘণ্টা আগেই তাঁর হাতে বাংলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য রিপোর্ট তুলে দিলেন মুকুল রায়।
মুকুল রায়ের পেশ করা এই রিপোর্ট অনুযায়ী, আসন্ন নির্বাচনে ২০০-এর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তবে মুকুলের এই রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই ধারণা, তাঁর পেশ করা এই রিপোর্ট অতিরঞ্জিত আর বিজেপি শীর্ষ নেতৃত্বদের মন রাখতেই এমন রিপোর্ট পেশ করা হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বাড়তে চলেছে তা নিশ্চিত, কিন্তু তা বলে তা ২০০-এর বেশি, এটা মানতে নারাজ অনেকেই।
আরও পড়ুন- ‘আমার বাংলা কেমন আছে?’ দেখা হতেই পরিষ্কার বাংলায় অনুপম হাজরাকে প্রশ্ন মোদীর
আবার গত বছর দিল্লিতে বিজেপির এক ঘরোয়া বৈঠকে এই মুকুল রায়ই অমিত শাহ ও জে পি নাড্ডার সামনে বলেছিলেন যে বাংলায় বিজেপির যা রাজনৈতিক অবস্থা তাতে ২১-এর নির্বাচনে দল ৫০টির বেশি আসন পাবে না। তবে মুকুল নিজে প্রকাশ্যে একথা স্বীকার করেন নি যে এমন কোনও মতামত তিনি পেশ করেছেন বলে। মুকুলের সেই দাবী মানতে নারাজ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাদের দাবী ছিল যে বিজেপি ২০০-এর বেশি আসন নিয়েই বিধানসভা নির্বাচন জিতবে। তাই এই থেকে অনেকেরই ধারণা যে মুকুল তাহলে কিছুটা চাপে পড়েই এই রিপোর্ট পেশ করেছেন।
আবার অন্যদিকে দেখা গিয়েছে যে অমিত শাহ ছাড়া জে পি নাড্ডা, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, কারোর সভাতেই সেভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই অবস্থায় বিজেপি যে ২০০-এর বেশি আসন পাবে, তা মেনে নিতে চাইছেন না রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন- কে হতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? কে সেই বাংলার ভূমিপুত্র? নতুন পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে
আবার অনেকে মনে করছেন মুকুল রায় বেশ চাপের মধ্যে রয়েছেন। বাংলায় বিজেপির ফল যদি ভালো না হয়, তাহলে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব কেন মুকুল রায়কে দলে রাখবে, এ নিয়ে কথা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির যদি মুখ পোড়ে, তাহলে রাজ্য রাজনীতিতে মুকুলের অবস্থান কী হবে, এ নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। তাই মনে করা হচ্ছে, একরকম রাজ্য বিজেপি নেতৃত্ব ও বিজেপির শীর্ষ নেতৃত্বদের মন জোগানোর জন্যই এই রিপোর্ট জমা করেছেন তিনি।





