বাংলায় এখন নাম কান্ড! কে কত ভালো নতুন নাম দিতে পারে তারই যেনও প্রতিযোগিতা চলছে শাসক-বিরোধী শিবিরের মধ্যে। আর যার ফলে যারপরনাই বাড়ছে বাংলায় ভোটের উত্তেজনার পারদ।
গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ভাইপো’ বিতর্কের পর তাঁর নতুন নামকরণ করেছিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নাম দিয়েছিলেন ‘খোকাবাবু’।
আর এবার সেই ধারা বজায় রেখে নামকরণের রাজনীতিতে দিলীপ ঘোষের নিশানায় শাসকদল তৃণমূলের মুখপাত্ররা। নাম করে তৃণমূলের ২ বিশিষ্ট মুখপাত্রকে বুড়ো খোকা বলে বসলেন তিনি। মঙ্গলবার সকালে চায় পে চর্চায় এক যোগে কটাক্ষ করেন সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যকে।
এদিন দিলীপবাবু বলেন, ‘কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়েদের মতো বুড়োখোকাদের বার করেছেন সোনার বাক্স থেকে। ওটা বুড়োদের পার্টি হয়ে গেছে। মাঝখানে যত নেতা ছিল হয় পালিয়েছে, নয় চুপ করেছে, আর সবে মুখ খুলতে শুরু করেছে। চন্দ্রিমা ভট্টাচার্যকে কে জিজ্ঞাসা করবেন, কে নেতা? কলকাতা জিততে পারেননি বলে কাঁথি গেছেন? জবাব পাবেন, কাঁথিও যাওয়ার সুযোগ থাকবে না আর’।
তবে চুপ করে বসে থাকেনি শাসক দল তৃণমূলও। জবাব ফিরিয়েছে তাঁরাও।
তৃণমূলের তরফে পাল্টা দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌগত রায় বলেন, আমি আগেই বলেছি দিলীপবাবু সকালের দিকে একটু আজেবাজে বকেন। আমি ওঁর নাম দিয়েছি গবেট দাদা। বা মাথামোটাও বলা যেতে পারে। উনি নিজের লোকসভা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে হেরেছেন। লোককে আবার বলছেন কী?সোমবার দিলীপ ঘোষকে দুধবাবু বলে আক্রমণ করেছিলেন সৌগতবাবু। সঙ্গে তাঁর দাবি, দিলীপ ঘোষ RSS-এর লোক। তাঁর হাফপ্যান্ট পরে লাঠি খেলার অভ্যাস। উনি রাজনীতির বোঝেন কী?





