হাইকোর্টে পিছলো মমতা-শুভেন্দুর নন্দীগ্রাম মামলার শুনানি! বিক্ষোভ শুরু বার অ্যাসোসিয়েশনের তরফে

মমতা শুভেন্দু দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল আজ বাংলা। কিন্তু প্রাপ্ত খবর বলছে, হাইকোর্টে পিছিয়ে গেছে নন্দীগ্রাম মামলার শুনানি। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী বৃহস্পতিবার। আজ শুনানি পিছনোর নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২১শের বিধানসভা নির্বাচনে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে তিনি দাঁড়াবেন সেদিন থেকেই উত্তেজনা বেড়ে গিয়েছিল। দেশীয় মিডিয়ার নজর ছিল নন্দীগ্রামে। সেই কেন্দ্রেই বিজেপির তরফে দাঁড় করানো হয় শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন:‘ফিরে যাও বিজয়বর্গীয়’, বিজেপি শীর্ষ নেতার বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ কলকাতা!

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার দিনও নজরে ছিল নন্দীগ্রাম। প্রথমে সংবাদ সংস্থা এএনআই দাবি করে, ১২০০-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা। ঘোষণাও হয়ে যায় এই মর্মে। কিন্তু পরে জানা যায়, তৃণমূল নেত্রী জেতেননি। ১৯৫৬ ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যে অন্যান্য বিজেপি নেতাদের হারিয়ে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলেও নন্দীগ্রামের ফল উল্টো হওয়ায় বিস্মিত হন দলনেত্রী। ফলপ্রকাশের দিন অর্থাৎ ২ মে তিনি বলেছিলেন, ”আমার কাছে খবর আছে, ভোটের ফল ঘোষণার পর কারচুপি হয়েছে। সেটা খুঁজে বের করব।’ তারপরই এই রায়কে চ্যালেঞ্জ জানান তিনি। মামলা ওঠে হাইকোর্টে।

এদিনের শুনানিতে, এই ঘটনার মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ বিচারপতি জিজ্ঞাসা করেন, ‘নির্বাচনী মামলায় সাধারনত মামলাকারীকে থাকতে হয়। এক্ষেত্রে  মামলাকারী কি থাকতে পারবেন?’ উত্তরে মুখ্যমন্ত্রীর আইনজীবীরা জানান,’নিয়ম যা আছে তাই হবে।’ পরে আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। কিন্তু জানা গেছে এই হাইভোল্টেজ মামলার শুনানি পিছতেই  বিক্ষোভ শুরু হয়েছে বার অ্যাসোসিয়েশনের তরফে।

RELATED Articles