‘কেন্দ্র বিনামূল্যে রেশন দিচ্ছে, আর বঙ্গে সেই রেশন দুর্নীতিতেই জেলে মন্ত্রী’, দুর্নীতি নিয়ে ফের তৃণমূলকে একহাত মোদীর

এই নিয়ে এক মাসের মধ্যে তৃতীয়বার বঙ্গে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করেন তিনি। এদিন উত্তরবঙ্গেপ্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিনের এই সভা থেকে ফের একবার তৃণমূলের দুর্নীতি নিয়ে তোপ দাগেন মোদী।

রেশন দুর্নীতি নিয়ে ঘাসফুল শিবিরকে তোপ মোদীর  

এদিন শিলিগুড়ির সভা থেকে বঙ্গে রেশন দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ““বিনামূল্যে দেশবাসীকে রেশন দিচ্ছে কেন্দ্র। অথচ এই বঙ্গে রেশন দুর্নীতিতেই জেলে খাদ্যমন্ত্রী। তৃণমূল সরকার গরিব বিরোধী। তাই রেশন নিয়েও এখানে দুর্নীতি হয়েছে”।

প্রসঙ্গত, বিগত বেশ কিছু মাস ধরেই বঙ্গে রেশন দুর্নীতি নিয়ে নানান কাণ্ড ঘটছে। এই দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। এই দুর্নীতিতে গত বছরেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও জেলবন্দি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান, তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। দুর্নীতি নিয়ে বারবার শাসক দল তৃণমূলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। এবার বঙ্গে এসে ফের সেই দুর্নীতিকে হাতিয়ার করেই তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের এই সভা থেকে মোদী বলেন, কেন্দ্র সরকারের তরফে করোনা পরিস্থিতির সময় দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়। সেই মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে কিন্তু বিরোধীদের এর বিরোধিতা করছে বলে দাবী মোদী। তিনি বলেন, “বিনামূল্যের রেশনের এই যোজনাকে মোদী ৫ বছর আরও বাড়িয়ে দিয়েছে। এর লাভ চাবাগানের শ্রমিকসাথীরা পাবেন। কিন্তু তৃণমূল, কংগ্রেস, বামেদের ইন্ডি জোট আপনাদের নিখরচায় রেশন দেওয়ার বিরোধিতা করছে”।

মোদীর কথায়, কেন্দ্র বাংলার মানুষের জন্য টাকা পাঠায় কিন্তু সেই টাকা তৃণমূল আত্মসাৎ করে। সেই টাকা ঢোকে তৃণমূলের তোলাবাজদের পকেটে। মোদী এদিন বলেন, “মোদী মনরেগার পয়সা দিল্লি থেকে পাঠায়। এখানকার তৃণমূল সরকার নিজেদের তোলাবাজদের সুবিধা দিতে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড বানিয়ে দিয়ে দিয়েছে। মোদী গরিবের ঘরের জন্য টাকা পাঠায়, তৃণমূল সরকার তোলাবাজদের পছন্দ করা লোককে টাকা দিয়ে দেয়। আপনাদের কষ্ট নিয়ে তৃণমূলের কিছু আসে যায় না”।

RELATED Articles